কিছু বিষয়ে এগিয়ে থাকছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী বারাক ওবামা ও মিট রমনি স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটা) দ্বিতীয় বিতর্কে পরস্পরের মুখোমুখি হচ্ছেন। নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে বিতর্কের মঞ্চ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।কলোরাডোর ডেনভারে অনুষ্ঠিত প্রথম বিতর্কে হেরে যাওয়ায় কিছুটা চাপে আছেন ওবামা। ওই বিতর্কের পর জনমত জরিপেও রমনির পেছনে পড়ে গেছেন তিনি। তবু স্বাস্থ্যসেবার মতো কিছু বিষয়ে ডেমোক্রেটিক প্রার্থী এগিয়ে আছেন। এখনো ভোটাররা রমনির চেয়ে ওবামার সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। দ্বিতীয় তর্কযুদ্ধ সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ওবামা ও রিপাবলিকান পার্টির প্রার্থী রমনি বিশেষ অনুশীলন করেন। আলাদা সময় বের করে উপদেষ্টা ও নেতাদের নিয়ে পৃথকভাবে বিতর্কের মহড়ায়ও অংশ নেন তাঁরা।দ্বিতীয় বিতর্ক ‘টাউন হল’ ধাঁচের হওয়ায় এবার দুই প্রার্থীকে পরস্পরের সমালোচনার জবাব দেওয়া ও নিজের নীতির পক্ষে যুক্তি উপস্থাপনের পাশাপাশি দর্শকদের প্রশ্নের উত্তরও দিতে হবে। কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটের জ্যানেট ব্রাউন বলেন, ‘আমরা হফস্ট্রা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। বিতর্কের জন্য সব প্রস্তুতি সুন্দরভাবে শেষ হয়েছে।’মঞ্চের সামনে দর্শক হিসেবে থাকছেন স্থানীয় নাসাউ কাউন্টির বাসিন্দারা। উপনগরবিষয়ক বিশ্লেষক লরেন্স লেভি বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো প্রান্তের ভোটারের কাছে যেসব বিষয় গুরুত্ব পায়, নাসাউয়ের বাসিন্দাদের কাছেও তাই। তবে এই ভোটাররা অন্যদের চেয়ে হয়তো কিছুটা উদারপন্থী। হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের বিতর্কে সঞ্চালকের দায়িত্বে থাকবেন সিএনএনের সাংবাদিক ক্যালডি ক্রাউন।দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় ও শেষ বিতর্ক অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর ফ্লোরিডায়। আগামী ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক টাইমস ও এএফপি।