কিছু শ্বেতাঙ্গের মনে দ্বিধান্বিত ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সাগরতীরের শ্বেতাঙ্গ-অধ্যুষিত কালক বে গ্রাম। সেখানে একটি পিৎজার দোকানের বাইরের ব্ল্যাকবোর্ডের লেখা গত কয়েক মাসের মধ্যে এই প্রথম গত শুক্রবার বদলানো হয়েছে।
নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পরদিন ব্ল্যাকবোর্ডটির এক পাশে লেখা হয়, ‘শান্তিতে ঘুমাও পিতা মাদিবা’। অন্য পাশে পরস্পরকে ভালোবাসার আহ্বান জানিয়ে ম্যান্ডেলার একটি উদ্ধৃতি শোভা পাচ্ছে। সাধারণত ক্রেতাদের আকৃষ্ট করতে ওই ব্ল্যাকবোর্ডে লেখা থাকত, ‘মদ্য পানহীন দিন মানে সূর্যালোকহীন দিন’। ম্যান্ডেলার প্রতি ‘নতুন’ দক্ষিণ আফ্রিকার শ্রদ্ধার স্বাক্ষর বহন করছে ব্ল্যাকবোর্ডের এই নতুন লেখা।
তবে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক যে অবিশ্বাসের বিষবৃক্ষ রোপণ করেছিল, তার শিকড় এখনো সম্পূর্ণ নির্মূল করা যায়নি সব জায়গা থেকে। ম্যান্ডেলার ব্যাপারে এই গ্রামের শ্বেতাঙ্গদের অনুভূতি মিশ্র। বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে এই প্রতিবেদক সে ধারণাই পান।
পিৎজার দোকানের অদূরে ঔপনিবেশিক আমলের একটি গির্জা আছে। এর বাইরের দিকটায় ম্যান্ডেলার নানা উক্তিসহ হরেক রঙের পোস্টার টানানো হয়েছে।
স্থানীয় গির্জার বাইরে ফিলিপ হেইজনান (২২) নামের এক ছাত্র বলেন, ‘আমি সত্যি মর্মাহত। ম্যান্ডেলা ছিলেন এ দেশের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। আমার বিশ্বাস, এ দেশে এমন একজন মানুষকেও পাওয়া যাবে না, যিনি ম্যান্ডেলাকে ভালোবাসেন না।’
হেইজনান নেহাতই তরুণ। তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচন ও বর্ণবাদী শাসনের অবসানের দুই বছর পর, ১৯৯২ সালে।
কিন্তু অপেক্ষাকৃত বয়স্ক এক নারী দোকানি বলেন, ‘ম্যান্ডেলা যখন ২৭ বছরের কারাভোগ করছিলেন, তখন শ্বেতাঙ্গরা তাঁকে শয়তান ভাবত। এখন ভাবে ঈশ্বর।’
একটি পানশালার বাইরে সাইনবোর্ড আঁকতে থাকা এক ব্যক্তির (৭৬) কণ্ঠে শোনা গেল একই ধরনের কথা। তিনি বলেন, ‘ম্যান্ডেলা ছিলেন একজন রাষ্ট্রনায়ক, সাধারণ রাজনীতিক নন।...কিন্তু দেশের আইন সবাইকেই মানতে হয়। আমার মনে হয়, কারাগারে না গেলে তিনি আলোচনায় বসতেন না। কারাগার তাঁকে এবং এ দেশকে তৈরি করেছে।’
ম্যান্ডেলা কিন্তু তাঁর স্বপ্নের নতুন বিশ্বে শ্বেতাঙ্গদের যুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাঁর এএনসি পার্টির ‘স্বাধীনতার সনদ’ শুরুই হয়েছিল এই বাক্যটি দিয়ে: ‘শ্বেতাঙ্গ কিংবা কৃষ্ণাঙ্গ যারাই এখানে বসবাস করে, দক্ষিণ আফ্রিকা তাদের সবার দেশ।’ এএফপি।