কিছু সাজার মেয়াদ এত লম্বা কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাডলি ম্যানিং
ব্র্যাডলি ম্যানিং

মার্কিন তারবার্তা উইকিলিকসের কাছে পাচার করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির সেনা কর্মকর্তা ব্র্যাডলি ম্যানিং। তাঁর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁর মোট ১৩৬ বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। অনেকের মনে প্রশ্ন উঠেছে, যেহেতু ম্যানিংয়ের আরও ১০০ বছর বাঁচার কোনো সম্ভাবনা নেই, সেহেতু তাঁকে এত বছরের কারাদণ্ড দেওয়ার অর্থ কী? এর জবাবে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আইন বিভাগের অধ্যাপক ফ্রাঙ্কলিন জিমরিং বলেন, একজন কয়েদি কত বছর কারারুদ্ধ থাকবেন, শুধু সে বিষয়টি সুনির্দিষ্ট করার জন্য রায় দেওয়া হয় না। এ ধরনের রায়ের নেপথ্যে একটি ‘প্রতীকী ও নাটকীয়’ কার্যকারিতা থাকে। জিমরিং বলেন, ‘বার্নি ম্যাডোফের (পোনজি স্কিম নামে পরিচিত যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক কেলেঙ্কারির মূল হোতা হলেন বার্নি ম্যাডোফ। মোটা অঙ্কের মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে সংগৃহীত মূলধন আত্মসাত্ করেন এই মার্কিন নাগরিক। এর জন্য তাঁর ১৫০ বছরের কারাদণ্ড হয়) বিরুদ্ধে দেওয়া রায়ের মধ্য দিয়ে বিচারক তাঁকে বলতে চেয়েছেন, “তুমি আসলেই একটা খারাপ লোক।” এ কারণেই কারাদণ্ডের সময়সীমা সীমাহীনভাবে সম্প্রসারণ করা যেতে পারে।’

 জিমরিং মনে করেন, কার ক্ষেত্রে কী পরিমাণ প্রতীকী ভর্ত্সনা আরোপ করা যেতে পারে, তা অনেক কিছুর ওপর নির্ভর করে। তবে আধুনিক ফৌজদারি বিচারব্যবস্থায় প্রতীকী ও ব্যবহারিক—এই দুই বিষয়কেই যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বাইরের অনেক দেশে গুরুত্ব দেওয়া হয়।

স্পেনের একটি কুখ্যাত মামলায় এক প্রতারককে দুই হাজার বছরের কারাদণ্ড দেওয়ার নজির আছে।

যুক্তরাষ্ট্রে প্যারোলে মুক্তির সময়কে পরবর্তী কারা দিবসের সঙ্গে সমন্বয় করা হয়ে থাকে। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিকে প্যারোলে মুক্তির সুবিধা দেওয়া হয় না।

যুক্তরাষ্ট্রে যতগুলো ফোজদারি মামলা হয়, তার বেশির ভাগেরই বাদী থাকে রাষ্ট্র। এ কারণে রায়ের ক্ষেত্রে ভিন্নতা লক্ষ করা যায়। এখানে বিচারকদের একটি সংবিধিবদ্ধ বিচরণসীমার কাছে দায়বদ্ধ থেকে বিচার করতে হয়।

কোনো এক ব্যক্তির বিরুদ্ধে আনা প্রতারণা বা জালিয়াতির অভিযোগের সঙ্গে মিথ্যা সাক্ষ্য দেওয়া, নথি চুরি বা জালিয়াতি করাসহ নানা ধরনের অপরাধ সংশ্লিষ্ট থাকতে পারে। এ কারণে আলাদা আলাদা অপরাধের জন্য আলাদা আলাদা মেয়াদের সাজা হতে পারে। শিশু পর্নোগ্রাফির মতো কম্পিউটার সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রেও একই ধরনের ‘গুচ্ছ সাজার’ বিধান আছে; অর্থাত্ প্রতিটি ছবির জন্য আলাদা আলাদা মেয়াদে সাজা হতে পারে। এইভাবে অনেকগুলো লঘু অপরাধের সম্মিলিত সাজা হিসেবে সুদীর্ঘ সময়ের কারাদণ্ড হতে পারে।

 অনেক সময় মৃত্যুদণ্ডের বিকল্প হিসেবে দীর্ঘমেয়াদি কারাবাসের সাজা দেওয়া হয়। সত্তরের দশকে তিনজনকে হত্যার দায়ে ডাডলি ওয়াইনি কেইজার নামের এক মার্কিন নাগরিকের দুবার যাবজ্জীবন ছাড়াও এক হাজার বছরের কারাদণ্ড দেওয়া হয়। আলাবামার তত্কালীন অ্যাসিসট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টমি স্মিথ আদালতের কাছে কেইজারের ১০ হাজার বছরের কারাদণ্ড প্রার্থনা করেছিলেন।

রায়ের পর টমি স্মিথ বলেছিলেন, ‘জুরিরা এই রায়ের মধ্য দিয়ে একটি বার্তা দিয়েছেন। তাঁরা চেয়েছেন, তিনি (কেইজার) যেন কস্মিনকালেও ছাড়া না পান।’ কারাভোগের সময় কেইজার নয়বার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলেন। কিন্তু একবারও তাঁর আবেদন মঞ্জুর হয়নি।

ওই সময় আলাবামায় মৃত্যুদণ্ডাদেশ অসাংবিধানিক ছিল। কেইজারের মৃত্যুর চার বছর পর সেখানে মৃত্যুদণ্ডাদেশ চালু হওয়ায় কেইজারের মরণোত্তর বিচার শুরু হয়।

কয়েকটি দীর্ঘমেয়াদি সাজার দৃষ্টান্ত:

 মেয়াদ

সাজাপ্রাপ্তব্যক্তি

অপরাধ

সাল

১৫০ বছর

বার্নি ম্যাডোফ

প্রতারণা

২০০৯

৮৩৫ বছর

শালোম ওয়েইস

প্রতারণা

২০০০

৯৫৭ বছর

জেফরি দাহমের

ক্রমিক খুন

১৯৯২

১০০০ বছর

পিটার ম্যালোরি

শিশুদের ওপর যৌন নির্যাতন

২০১৩

যাবজ্জীবনসহ ১০০০ বছর

এরিয়েল ক্যাস্ট্রো

অপহরণ ও ধর্ষণ

২০১৩

 * বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদন থেকে নেওয়া তথ্য অবলম্বনে।