কিডনি দানের শর্তে মুক্তি!
একজনের কিডনি আরেকজনকে দান করার শর্তে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই বোনকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। তাঁদের নাম জেমি স্কট ও গ্ল্যাডিস স্কট। জেমির দুটি কিডনিই অকেজো হয়ে যাওয়ায় গ্ল্যাডিস তাঁকে নিজের কিডনি দিতে রাজি হয়েছেন। এর বিনিময়ে গভর্নর বিশেষ ক্ষমতায় তাঁদের দুজনের কারাদণ্ড স্থগিত করতে রাজি হয়েছেন।কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৯৩ সালে জেমি ও গ্ল্যাডিস মধ্য মিসিসিপিতে শটগান দিয়ে আঘাত করে দুই ব্যক্তির কাছ থেকে মাত্র ১১ ডলার ছিনতাই করেছিলেন। সেই ঘটনায় দায়ের হওয়া সশস্ত্র ডাকাতির মামলায় ১৯৯৪ সালে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। গত ১৬ বছর তাঁরা কারাগারে অন্তরীণ। ডানপন্থীরা এ কারাদণ্ডকে ‘লঘু পাপে গুরুদণ্ড’ আখ্যায়িত করে এত দিন তাঁদের মুক্তি দাবি করেছেন। তাতে সরকারের মন গলেনি। সম্প্রতি জেমির দুটি কিডনি বিকল হয়ে গেলে কর্তৃপক্ষ বিপাকে পড়ে। মিসিসিপির গভর্নর হ্যালি বারবুর কারা কর্তৃপক্ষকে বলেছেন, নিয়মিত জেমির কিডনি ডায়ালাইসিস ও তাঁকে সেবাযত্ন করতে গিয়ে সরকারের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন, শিগগিরই কিডনি প্রতিস্থাপন না করলে জেমির মৃত্যু হতে পারে। এ অবস্থায় গভর্নর জানিয়েছেন, জেমিকে তাঁর বোন গ্ল্যাডিস নিজের একটি কিডনি দান করলে দুজনকেই প্যারোলে মুক্তি দেওয়া হবে। দুই বোনের আইনজীবী চোকয়ি লুমুম্বা এপিকে বলেন, গ্ল্যাডিস আনন্দের সঙ্গে তাঁর বোনকে কিডনি দিতে রাজি হয়েছেন। এ খবর শুনে জেমিও আনন্দিত হবেন বলে তিনি আশা করছেন। গভর্নরের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু শর্ত জুড়ে দিয়ে তাঁদের প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। শর্ত ভঙ্গ করলে আবার তাঁদের কারারুদ্ধ করা হতে পারে। এপি।