কিম জং ইলের নাতি ফেসবুকে!
উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের নাতি ১৬ বছর বয়সী কিম হ্যান-সলের ছবি সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োন্যাপ জানায়, হ্যান-সল সম্প্রতি বসনিয়া ও হার্জেগোভিনার মোস্তার শহরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে ভর্তি হয়েছিল। ওই প্রতিষ্ঠানের ফেসবুকের অ্যাকাউন্টে হ্যান-সলের ছবিটি প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা গেছে, হ্যান-সল এক নারীর পাশে দাঁড়িয়ে আছে। সম্ভবত, ছবিটি কোনো অনুষ্ঠানের। এ সময় হ্যান-সলের চোখে ছিল কালো ফ্রেমের চশমা। পরনে ছিল কালো স্যুট। আরেক ছবিতে হ্যান-সলকে চশমা ও টি-শার্ট পরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ উত্তর কোরিয়া থেকে আসা ১৬ বছরের কিম হ্যান-সল নামের একজনকে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা হ্যান-সলের বংশ পরিচয় জানায়নি। ইয়োনহ্যাপের ভাষ্যমতে, কিম হ্যান-সল উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের জ্যেষ্ঠ ছেলে কিম জং-ন্যামের ছেলে। সিএনএন।