কিম জং-ইলের প্রতি শ্রদ্ধা নিবেদন
উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাঁর উত্তরসূরি ছেলে কিম জং-উনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, রাজধানী পিয়ংইয়ংয়ের কুমসুসান মেমোরিয়াল প্যালেসে কিম জং-ইলের মরদেহ কাচের কফিনের মধ্যে শোয়ানো আছে।স্থির ওই ছবিতে কফিনের মধ্যে মাথার নিচে বালিশের মতো কিছু দিয়ে শোয়ানো আছে জং-ইলের মরদেহ। পা থেকে গলা পর্যন্ত লাল কাপড়ে ঢাকা। তবে মুখ বের হয়ে আছে।কফিনের চারপাশে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে। এর এক পাশে দাঁড়িয়ে আছেন ছেলে কিম জং-উনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জং-উনকে বেশ বিষণ্ন দেখা যাচ্ছিল। তাঁর পাশে দাঁড়ানো অন্যদের মধ্যে অনেকের পরনে ছিল সামরিক পোশাক।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, জং-উন, দলীয় নেতা ও সামরিক কর্মকর্তারা ওই কক্ষে ঢোকার পর বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। উন তাঁর বাবার কফিনের পাশে একটি ফুলের স্তবক রাখেন। এ সময় করুণ সংগীত বাজছিল।রাষ্ট্রীয়ভাবে জানানো হয়েছে, ২৮ ডিসেম্বর প্রয়াত নেতার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। তাঁর উত্তরসূরি কিম জং-উনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গত সোমবার কিম জং-ইলের মৃত্যুর ঘোষণা দেওয়ার পর থেকে দেশবাসী শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে। আরও দুই দিন আগে এক ট্রেনযাত্রার সময় হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান উত্তর কোরিয়ার এই নেতা।তবে কিম জং-ইলের শাসনামলে নির্যাতিত হয়ে যেসব উত্তর কোরীয় নাগরিক পাশের দেশ দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছিলেন, তাঁরা ইলের মৃত্যুতে খুশি হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা।দক্ষিণ কোরিয়ায় অবস্থানকারী উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট লিম ইয়ং-সুন বলেন, ‘আজ আমি সবচেয়ে খুশি। আমি ও আমার বন্ধুরা এতটাই খুশি যে ভোররাত পর্যন্ত আনন্দফুর্তি ও মদপান করেছি।’ফাইটারস ফর ফ্রি নর্থ কোরিয়ার নেতা পার্ক সাং-হাক বলেন, ‘শতাব্দীর সবচেয়ে বড় খুনির মৃত্যুতে আমরা খুশি না হয়ে কি পারি? আমার আগেই তাঁকে মরতে হলো, সেটাই মজার। সে আমাকে হত্যার হুমকি দিয়েছিল।’কিম জং-ইলের মৃত্যুতে বড়দিনের আতশবাজির অনুষ্ঠান বাতিল ও শোক প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। দুই কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় দক্ষিণ কোরীয় বাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি পাহাড়ের ওপর ওই আতশবাজির অনুষ্ঠান হওয়ার কথা ছিল।দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী ইউ উ-ইক জানান, উত্তর কোরিয়ার নেতার মৃত্যুতে সেখানে শোকের বিষয়টি বিবেচনা করে এ সময় আতশবাজির অনুষ্ঠান না করার সিদ্ধান্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, উত্তর কোরিয়া শিগগির শোক কাটিয়ে উঠে স্থিতিশীল হবে, যাতে শান্তি ও সমৃদ্ধির জন্য দুই কোরিয়া একসঙ্গে কাজ করতে পারে।চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বেইজিংয়ে উত্তর কোরিয়ার দূতাবাস পরিদর্শন করে কিম জং-ইলের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তাঁর মৃত্যুতে কিউবায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির কাউন্সিল অব স্টেট গত সোমবার এক বিবৃতিতে জানায়, কিম জং-ইলের মৃত্যুতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এএফপি, রয়টার্স।