নতুন নেতা কিম জং-উনকে রক্ষায় আমৃত্যু চেষ্টা করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় গতকাল রোববার এ আহ্বান জানানো হয়। দেশটির গণমাধ্যমে প্রকাশিত ওই বার্তায় বলা হয়, কিম জং-ইলের ছেলে ও উত্তরসূরি কিম জং-উনকে রক্ষায় সশস্ত্র বাহিনী, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি ও জণগণকে ‘মানব বর্ম’ তৈরির জন্য প্রস্তুত থাকতে হবে। বার্তায় আরও বলা হয়, দেশের সবচেয়ে বড় সমস্যা খাদ্য ঘাটতি মোকাবিলায় নতুন নেতা কাজ করে যাবে।গত ১৭ ডিসেম্বর বাবা কিম জং-ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার গণমাধ্যমে কিম জং-উনকে তাঁর উত্তরাধিকারী হিসেবে ঘোষণা দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে তাঁকে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে শনিবার ঘোষণা দেয় দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) খবরে বলা হয়, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ায় উনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, নতুন নেতৃত্বের অধীনে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। এ ছাড়া কিম জং-ইলের মৃত্যুতে ১৩ দিনের রাষ্ট্রীয় শোক পালনের সময় ‘অসৌজন্যতা’ দেখানোর কারণে দক্ষিণ কোরিয়াকে শাসিয়ে দিয়েছে দেশটি। শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যমাত্রা: নতুন বছরে একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উত্তর কোরিয়া। ক্ষমতাসীন দল নিয়ন্ত্রিত রোডং সিমুন সংবাদপত্রে প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়, সমৃদ্ধি অর্জনে প্রয়াত নেতা কিম জং-ইল যে পরিকল্পনা প্রণয়ন করে গেছেন, এ বছর তার ফল পাওয়া যাবে। সফলতা অর্জনে ক্ষমতাসীন দলের সব কৌশল বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। পরমাণু কর্মসূচির ব্যাপারে নির্দেশনা নেই: সম্পাদকীয়তে প্রতিবছর উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়ে থাকে। তবে এ বছর সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এএফপি, রয়টার্স ও বিবিসি।