কিমের উত্তরাধিকারী ছোটবেলায় গোপনে জাপান সফর করেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের উত্তরাধিকারী কিম জং-উন শিশু বয়সে ব্রাজিলের পাসপোর্ট ব্যবহার করে গোপনে জাপান সফর করেন। এমনকি তিনি সে সময় টোকিওর ডিজনিল্যান্ডেও যান। গতকাল বৃহস্পতিবার জাপানের বিখ্যাত সংবাদপত্র ইয়োমুরি শিমবুন-এর এক খবরে বলা হয়, জাপান সফরকালে আরও একটি শিশু তাঁর সঙ্গে ছিল। তবে ওই শিশুটি তাঁর বড় ভাই জং-চুল ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ওই শিশুসহ কিম উন ১৯৯১ সালের ১২ মে জাপানে ঢোকেন। এর ১১ দিন পর তাঁরা টোকিও ত্যাগ করেন। গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, জাপান সফরকালে তাঁদের কাছে ব্রাজিলের পাসপোর্ট ছিল। দুই শিশু ভিয়েনা থেকে জাপানি ভিসা নেয়। সে সময় কিম উনের বয়স ছিল আট বছর। তবে তাদের সঙ্গে আর কেউ ছিল কি না, তা জানা যায়নি। এএফপি।