কিমের মৃত্যুতে পাখিরাও শোকাহত!
প্রিয় নেতাকে হারিয়ে শোকাচ্ছন্ন উত্তর কোরিয়া। কিম জং-ইলের মৃত্যুর ১০ দিন পেরিয়ে গেলেও এখনো তাঁর জন্য কাঁদছে কোরীয়রা। শুধু লোকজনই নয়, এই মহান নেতার জন্য নাকি পাখিরাও কাঁদছে—এমনটাই দাবি করছে দেশটির গণমাধ্যম।রেডিও পিয়ংইয়ং বলেছে, প্রিয় নেতার মৃত্যুতে পাখিরা যেমন আচরণ করছে, তা শুনে অনেকেরই হূদয় ভেঙে গেছে। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপের তথ্যমতে, একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেডিও পিয়ংইয়ং বলেছে, ঘুঘুর মতো দেখতে সাদা রঙের একটি পাখি হঠাৎ নেতার মূর্তির ওপর এসে উড়ে পড়ে। পরে এটি মূর্তির দুই কাঁধ থেকে তুষার সরিয়ে দেয়। উত্তর কোরিয়ার গণমাধ্যমের কাছে কিম পরিবার একটি বিশেষ শ্রদ্ধার পরিবার। ১৯৪৮ সাল থেকে পরিবারটি উত্তর কোরিয়া শাসন করছে। মাঝেমধ্যে গণমাধ্যমে এই পরিবারটিকে অতিমানবীয় ক্ষমতার অধিকারী বলেও আখ্যা দেওয়া হয়। ক্ষমতাসীন দলের পত্রিকা রডং সিনমুন গত সোমবার বলেছে, কিমের মৃত্যুর পর থেকে একটি এলাকার পেঁচারা বিলাপ করে আসছে। পত্রিকাটি বলেছে, পেঁচাগুলো শ্রদ্ধা জানানোর স্থানের জানালাগুলোতে এসে ওড়াওড়ি করছে। এ ছাড়া গত সপ্তাহে একটি সারসকে শোকে মাথা নত করে রাখতে দেখা গেছে। সরকারি গণমাধ্যমগুলো আরও বলেছে, কিমের জন্মস্থান মাউন্ট পায়েকডুতে ঘটেছে আরেকটি বিস্ময়কর ঘটনা। কিমের মৃত্যুর পর বিকট এক শব্দ করে ওই পবর্ত থেকে বরফ ধসে পড়ে। এ ছাড়া পর্বতের জং-ইল চূড়ায় উজ্জ্বল আলোকচ্ছটাও দেখা যায়। এএফপি।