কিয়েভে বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা ব্যর্থ
ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থল থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত মঙ্গলবার রাতে কয়েক ঘণ্টার চেষ্টার পর পিছু হটেন তাঁরা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করতে অস্বীকার করায় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিরোধীরা। সপ্তাহ খানেক ধরে তারা দখল করে রেখেছে রাজধানীর ইন্ডিপেন্ডেন্স স্কয়ার। গত মঙ্গলবার রাত দুইটার দিকে তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে দাঙ্গা পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী। বিক্ষোভকারীদের বসানো ব্যারিকেড তারা সরিয়ে ফেলে এবং স্কয়ারের কিছু অংশ থেকে তাদের হটিয়ে দিতে সক্ষম হয়। কিন্তু অন্যান্য অংশে তখন বিক্ষোভ চলতে থাকে।
এমন বিক্ষোভের একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্কয়ারের পাশের সিটি হলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে রুখে দাঁড়ায় বিক্ষোভকারীরা। পুলিশ লাঠিপেটা শুরু করলে তারা ভবনের ওপর থেকে ব্যাপকভাবে ঢিল ছুড়তে থাকে। এরপর নিরাপত্তা বাহিনী পিছু হটে। ধীরে ধীরে বিক্ষোভকারীরা আবার পুরো এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।
নিরাপত্তা বাহিনীর ওই চেষ্টার পর বিরোধীদলীয় নেতা আরসেনি ইয়েতসেনুক বলেছেন, এতে করে তাঁদের বিক্ষোভ আরও ‘লক্ষগুণ’ বেড়ে যাবে, প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের পতন ঘটবে। ইন্ডিপেন্ডেন্স স্কয়ারের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা ক্ষমা করব না। লাখো মানুষ বিক্ষোভে নামবে এবং তাঁর (প্রেসিডেন্ট) পতন ঘটবে।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘ইয়ানুকোভিচ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মুখে থুতু দিয়েছেন।’
মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনীর ওই ব্যর্থ চেষ্টার পর গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর শক্তি প্রয়োগ করা হবে না।
প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ গতকাল বলেছেন, চুক্তির পরিবর্তে তারা ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে দুই হাজার কোটি ইউরো ঋণ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। এএফপি।