কিরগিজস্তানে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিরগিজস্তানে পার্লামেন্ট নির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্থানীয় সময় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের সময় সহিংসতা হতে পারে ভেবে রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করলেও শেষ পর্যন্ত সেখানে বড় ধরনের কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। আজ সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।গত এপ্রিল মাসে গণ-অভ্যুত্থানে কিরগিজস্তানের তৎকালীন রাষ্ট্রপতি কুরমানবেক বাকিয়েভ ক্ষমতাচ্যুত হন। আন্দোলনে নেতৃত্বদানকারী নেত্রী রোজা ওতুনবায়েভা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে সে দেশের সংবিধানে পরিবর্তন আনেন। পরিবর্তিত সংবিধানে রাষ্ট্রপতিশাসিত সরকারপদ্ধতি বাতিল করে মন্ত্রিপরিষদ-শাসিত সরকারপদ্ধতি চালু করা হয়। সে মোতাবেক গতকালের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।কর্মকর্তারা বলেছেন, নতুন এই পার্লামেন্টে মোট আসনসংখ্যা ১২০। ২৯টি রাজনৈতিক দলের তিন হাজার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানকার মোট ৫০ লাখ লোকের মধ্যে ২৮ লাখ ভোটার। তবে শেষ পর্যন্ত কত লোক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেই হিসাব পাওয়া যায়নি। বিশেষজ্ঞ ব্যক্তিরা বলেছেন, ফলাফলের দিক থেকে ছয়-সাতটি দল প্রথম দিকে থাকবে। তবে কোনো দলের পক্ষেই ১৫ শতাংশের বেশি ভোট পাওয়া সম্ভব হবে না। তাই প্রধান দলগুলোকে অবধারিতভাবেই জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে হবে।নির্বাচন কর্মকর্তারা জানান, মোট ৩২টি আন্তর্জাতিক সংস্থার ৮৫০ জন প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন।গণমাধ্যমগুলো বলেছে, এই নির্বাচনে সবার চোখ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ওশ ও জালালাবাদের দিকে। গত জুনে সেখানকার কিরগিজ আদিবাসী ও সংখ্যালঘু উজবেকদের মধ্যে সংঘটিত জাতিগত দাঙ্গায় প্রায় ৪০০ লোক নিহত এবং চার লাখ লোক বাস্তুচ্যুত হয়।প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভার সমর্থক দল আতা মেকেন ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব কিরগিজস্তানের জোট নির্বাচনে প্রধান্য বিস্তার করলেও তাদের পক্ষে সরকার গঠন করা সম্ভব হবে না। এই জোট মন্ত্রিপরিষদ-শাসিত সরকারপদ্ধতি সমর্থন করলেও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী ফেলিক্স কুলোভের নেতৃত্বাধীন আর-নামিস পার্টি রাষ্ট্রপতিশাসিত সরকারপদ্ধতির পক্ষে। আর-নামিস নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে তারা পুনরায় কিরগিজস্তানে রাষ্ট্রপতিশাসিত সরকারপদ্ধতি চালু করার চেষ্টা করবে এবং সেই সূত্র ধরে আবার সেখানে নতুন কোনো সহিংসতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এএফপি, বিবিসি ও আল-জাজিরা অনলাইন।