মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে বিরোধীরা গতকাল বৃহস্পতিবার রাজধানী বিশকেকের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করেছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলের নেতা রোজা ওতুনবায়েভাকে নতুন সরকারের প্রধান করা হয়েছে। এই সরকার ছয় মাস পর পার্লামেন্ট নির্বাচন দেবে বলে জানানো হয়েছে। নতুন সরকার সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছে।প্রেসিডেন্ট কুরমানবেগ বাকিয়েভ রাজধানী ছেড়ে দেশটির দক্ষিণাঞ্চলে তাঁর শক্ত ঘাঁটি বলে পরিচিত ওস শহরের জালালাবাদ এলাকায় অবস্থান নিয়েছেন। তিনি সমর্থকদের সংগঠিত করার চেষ্টা করছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার শুরু হওয়া সরকারবিরোধী সহিংস বিক্ষোভে কমপক্ষে ৭৫ জন নিহত ও অন্তত এক হাজার মানুষ আহত হয়। প্রেসিডেন্ট বাকিয়েভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, কর্তৃত্ববাদী আচরণ, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগে পরিচালিত আন্দোলনের একপর্যায়ে তা সহিংস রূপ নেয়। রাজধানী বিশকেকেসহ দেশটির বড় শহরগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়ে। রোজা ওতুনবায়েভা সংবাদ সম্মেলনে দাবি করেন, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার সবকিছু নিয়ন্ত্রণ করছে। পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। নতুন সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন দেবে। তিনি দাবি করেন, দেশের সাতটি প্রদেশের মধ্যে চারটি তাঁদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তাঁরা সরকারি প্রধান কার্যালয়েরও নিয়ন্ত্রণ নিয়েছেন। পুরো দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হবে।ওতুনবায়েভা বলেন, ‘প্রেসিডেন্ট বাকিয়েভ এখনো পদত্যাগ করেননি। তিনি জালালাবাদে তাঁর সমর্থকদের সংগঠিত করার চেষ্টা করছেন। তবে প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে আমরা তাঁর সঙ্গে আলোচনা করতে রাজি আছি। কিরগিজস্তানে প্রেসিডেন্ট বাকিয়েভের দায়িত্ব শেষ।’ বর্তমান পরিস্থিতির জন্য প্রেসিডেন্টকেই দায়ী করেন তিনি।রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, প্রেসিডেন্ট বাকিয়েভের শক্ত ঘাঁটি ওস শহরের সরকারি প্রধান কার্যালয়ও এখন বিরোধীরা নিয়ন্ত্রণ করছে। বার্তা সংস্থা ফেরগানা ডট আরইউ এক প্রতিবেদনে প্রেসিডেন্ট পদত্যাগ করতে রাজি হয়েছেন বলে খবর প্রকাশ করা হয়েছে। তবে অন্য কোনো সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা যায়নি।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসমাইল ইসাকভকে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। সরকার দাবি করছে, সশস্ত্র বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইসমাইল বলেছেন, সেনাবাহিনী আর কখনোই দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ব্যবহূত হবে না।গত বুধবার রাজধানী বিশকেকেতে রাতভর গোলাগুলির শব্দ পাওয়া যায়। প্রধান সরকারি ভবন ও প্রেসিডেন্ট ভবনে ব্যাপক লুটপাট চলে। পুড়িয়ে দেওয়া হয় শহরের প্রধান দুটি বিপণিবিতান। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে ভাঙচুর ও লুটপাট চলে। অনেক যানবাহনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে গতকাল পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। সরকারের প্রধান কার্যালয়গুলোতে বিরোধী দলের নিয়ন্ত্রণ দেখা যায়। রাজপথে লোকজনের চলাচল ছিল অনেক কম। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দেশজুড়ে এই সহিংসতায় কমপক্ষে ৭৫ জন নিহত ও এক হাজার মানুষ আহত হয়েছে। তবে বিরোধী দলের পক্ষ থেকে নিহতের সংখ্যা শতাধিক বলে দাবি করা হয়েছে। কিরগিজস্তানের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের একজন মুখপাত্র জানান, কিরগিজস্তানে হতাহতের ঘটনায় বান কি মুন উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি রক্তপাত এড়াতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র সহিংসতার নিন্দা জানিয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে। ওতুনবায়েভাকে পুতিনের ফোনকিরগিজস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধান রোজা ওতুনবায়েভাকে গতকাল টেলিফোন করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। পুতিনের উদ্ধৃতি দিয়ে তাঁর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া সব সময় কিরগিজস্তানে মানবিক সহায়তা দিয়ে থাকে। বর্তমান পরিস্থিতিতেও রাশিয়া দেশটিকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এএফপি, রয়টার্স, বিবিসি।