কিরগিজস্তানে সরকারবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ৪০
মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধীদের সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০০ জন। রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারকেন্দ্র দখল করে নিয়েছে সরকারবিরোধীরা। তারা উপপ্রধানমন্ত্রীকে জিম্মি করে রেখেছে। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান।এদিকে অসমর্থিত সূত্রে বলা হয়, সংঘর্ষকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোলদোমুসা কঙ্গানতিয়েভ নিহত হয়েছেন। বিক্ষোভকারীদের উসকে দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী আলমাজবেক আতামবায়েভসহ বিরোধী দলের শীর্ষস্থানীয় ১০ জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসিডেন্ট কুরমানবেগ বাকিয়েভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, কর্তৃত্ববাদী আচরণ, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছিল সরকারবিরোধীরা।স্থানীয় গণমাধ্যমের সূত্রে বলা হয়, সরকারবিরোধী বিক্ষোভকারীরা উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তালাসে স্বরাষ্ট্রমন্ত্রী মোলদোমুসা কঙ্গানতিয়েভকে হত্যা করে। এ সময় উপপ্রধানমন্ত্রী আকিলবেক জাপারোভকে জিম্মি করা হয়। তবে বিবিসি জানায়, পরিস্থিতি শান্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী তালাস শহরে গেলে বিক্ষোভকারীরা তাঁকে মারধর করে। আবার কোনো কোনো খবরে বলা হয়, বিক্ষোভকারীরা তাঁকে হত্যা করেছে। আবার কেউ বলছেন, তাঁকে জিম্মি করে রাখা হয়েছে। আসলেই তাঁর ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। গত মঙ্গলবার তালাস শহর থেকেই সরকারবিরোধী বিক্ষোভের সূচনা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী বিশকেকে বিরোধী দলের প্রধান কার্যালয়ের সামনে থেকে হাজার হাজার বিক্ষোভকারী মিছিল নিয়ে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের কার্যালয়ের ফটক ভেঙে ফেলারও চেষ্টা করে। এতে দাঙ্গা পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশের কাছ থেকে অস্ত্রও কেড়ে নেয় বিক্ষোভকারীরা। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, গুলিতে অন্তত ৪০ জন নিহত ও ৪০০ জন আহত হয়েছে। তবে বিরোধীদের দাবি, শতাধিক নিহত হয়েছে। সংঘর্ষের সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। এ সময় শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ফাঁকা গুলির শব্দ শোনা যায়। রাজধানীজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দানিয়ার উসেনভ সারা দেশে জরুরি অবস্থা জারি করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট বাকিয়েভের স্বৈরাচারী আচরণ, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে।এ পরিস্থিতিতে রাশিয়া সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তবে কিরগিজস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সাংঘাতিক অপরাধ’ করার অভিযোগে বিরোধী দলের শীর্ষস্থানীয় তিনজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সাবেক প্রধানমন্ত্রী ও সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী আলমাজবেক আতামবায়েভ, সাবেক স্পিকার ওমুরবেক তেকেবায়েভ ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত বোলোত চেরনিয়াজোভ।প্রেসিডেন্ট বাকিয়েভের বিরুদ্ধে সারা দেশেই আন্দোলন চালিয়ে যাচ্ছিল বিরোধীরা। রাজধানীর বাইরে নারআন, টোকমাকসহ বিভিন্ন শহরেও সহিংসতার খবর পাওয়া গেছে। কিরগিজস্তানের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশকেকে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। এএফপি, বিবিসি, এপি, দ্য ডন।