কিরগিজস্তানে সহিংসতা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিরগিজস্তানে কিরগিজ ও জাতিগত উজবেকদের মধ্যে সহিংসতার মাত্রা গতকাল মঙ্গলবার কিছুটা কমে এসেছে। বাড়িঘর ছেড়ে পালিয়ে উজবেকিস্তান সীমান্তে আশ্রয় নেওয়া হাজার হাজার উজেবক শরণার্থীর মানবিক সহায়তা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। শরণার্থী প্রবেশ বন্ধে উজবেকিস্তান কিরগিজস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। সহিংসতায় গতকাল পর্যন্ত কমপক্ষে ১৭০ জন নিহত ও এক হাজার ৮০০ জন আহত হয়েছে।জাতিগত সহিংসতায় কিরগিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের ছেলে জড়িত বলে অভিযোগ করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। পাশাপাশি নির্দিষ্ট তারিখেই সাংবিধানিক গণভোট হবে বলেও জানানো হয়েছে।কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলের জালালাবাদ ও ওশ শহরে গত সোমবার দিবাগত রাতে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে গত কয়েক দিনের তুলনায় তা অনেকটাই কম। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় উজবেকরা জানায়, সড়কের বিভিন্ন সড়কে এখনো তাদের স্বজনদের লাশ পড়ে আছে। কিন্তু পরিস্থিতি এত ভয়াবহ যে তারা লাশ আনতেও সেখানে যেতে পারছে না। এএফপির প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, ওশ শহরে কিরগিজ সেনাবাহিনী, পুলিশ কিংবা কেন্দ্রীয় কোনো বাহিনীকে দেখা যায়নি। ওশ অঞ্চলের পুলিশ-প্রধান ওমুরবেক সুভানালিয়েভ বলেন, সোমবার রাতের পর থেকে সহিংসতা অনেকটা কমে এসেছে। তিনি স্বীকার করেন, শহরের বিভিন্ন বাড়িতে আটকে পড়া অসুস্থ ও আহত নারী-শিশুদের শহর থেকে বের করে আনার মতো পরিস্থিতি এখনো হয়নি। জালালাবাদ অঞ্চলের গভর্নর বেকতুর আশানভ বলেন, গত কয়েক দিনের চেয়ে পরিস্থিতি অনেকটা শান্ত। গত রাতে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।উজবেকিস্তান সীমান্তে আশ্রয় নেওয়া হাজার হাজার শরণার্থীর মানবিক সহায়তা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী আবদুল্লাহ আরিপোভ জানান, এখন পর্যন্ত এক লাখ শরণার্থী সীমান্তে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ ও অন্যান্য সংস্থার আহ্বান সত্ত্বেও সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আবাসন ও নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে না পারায় সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যারা এসেছে তাদের মানবিক সহায়তার জন্যই আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন।’কিরগিজস্তানের অন্তর্বর্তী সরকারের ডেপুটি প্রেসিডেন্ট আলমাজবেক বাকিয়েভ গতকাল রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাকিয়েভের ছেলে ম্যাক্সিম বাকিয়েভ সহিংসতা সৃষ্টির জন্য গত এপ্রিল থেকে দাঙ্গাকারীদের মদদ দিয়ে আসছেন। এ জন্য ম্যাক্সিম এক কোটি ডলার খরচ করেন বলে উল্লেখ করেন তিনি।কিরগিজ কর্মকর্তারা গত সোমবার জানান, ম্যাক্সিমকে ব্রিটেনে গ্রেপ্তার করা হয়েছে। আলমাজবেক বলেন, ‘আশা করি, ব্রিটিশ সরকার ম্যাক্সিমকে আমাদের হাতে তুলে দেবে।’এদিকে পৃথক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান রোজা ওতুনবায়েভা জানান, নির্ধারিত ২৭ জুন সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে ভোট গ্রহণের জন্য শেষ সময় পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া হবে।সহিংসতা দমনে শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি নিজেদের সেনা দিয়েই আমরা পরিস্থিতি মোকাবিলা করতে পারব।’ এএফপি, বিবিসি, রয়টার্স।