কিরগিজস্তানে সহিংসতা চলছে নিহতের সংখ্যা ৬২
কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে জাতিগত সহিংসতা অব্যাহত রয়েছে। সংঘাতে গতকাল শনিবার পর্যন্ত ৬২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮০০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই সঙ্গে কারফিউ জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এ সংঘর্েষর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা উভয়পক্ষের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রোজা ওতুনবায়েভা সহিংসতা থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের কাছে সামরিক বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন। তিনি টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষনে বলেন, সহিংসতা বন্ধ হয়নি। নিরাপত্তাকর্মীরা সহিংসতাপূর্ণ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। সেনা পাঠানোর জন্য আমি প্রেসিডেন্ট দিমিত্রির কাছে চিঠি পাঠিয়েছি।এমন ঘটনা গত মে মাসেও ঘটেছিল। সে সময় জরুরি অবস্থা ঘোষণা করে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। তাই এবারও জরুরি অবস্থা ঘোষণা ও কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ওতুনবায়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে গত এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর এটাই হলো সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাখমাতিলো আকমেদভ বলেন, ওশ নগরের সব রাস্তায় আগুন জ্বলছে। পরিস্থিতি খুবই খারাপ। সহিংসতা বন্ধের কোনো লক্ষণ নেই। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কিরগিজস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ওশে গত বৃহস্পতিবার রাতে কিরগিজ ও জাতিগত উজবেকদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। শুক্র ও শনিবার দিনভর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা দোকানপাট, বাড়িঘর ও গাড়ি জ্বালিয়ে দিয়েছে। লোহার রড, ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও পেট্রলবোমা নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর। রাজধানী বিশকেকে বিক্ষোভকারীরা যানবাহন আটকে তাদের বহন করে সংঘাতবিক্ষুব্ধ ওশ শহরে নিয়ে যেতে বাধ্য করছে। পুলিশ ডগ স্কোয়াড নামিয়ে বিদ্রোহীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। কিন্তু বিদ্রোহীদের তুলনায় নিরাপত্তাকর্মীর সংখ্যা কম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। প্রেসিডেন্ট ওতুনবায়েভা বলেন, ‘বিদ্রোহীদের ওশ শহরে প্রবেশ ঠেকাতে আমাদের আরও নিরাপত্তাকর্মী ও সরঞ্জাম দরকার।’প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার ও গতকাল শনিবার দিনভর দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। ভারী অস্ত্র নিয়ে হেলিকপ্টারগুলো বাড়ির ওপর চক্কর দিয়েছে। ওশ শহরে কর্তব্যরত রয়টার্সের সাংবাদিক জানান, শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। ওশ নগরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কোনো কোনো ঘরে বিদ্যুৎ পর্যন্ত নেই। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউমান রাইটস ওয়াচের (এইচআরও) মধ্য এশিয়াবিষয়ক গবেষক আন্দ্রে বার্গ বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে বলেন, ‘সহিংসতার কারণে আমি ওশ শহর থেকে পালাতে পারছি না। বিমান যোগাযোগ বন্ধ। কোনো গাড়িও চলছে না। সরকারি পরিবহনও বন্ধ।’ তিনি আরও বলেন, ‘এখনো গোলাগুলি চলছে। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখনো গুলির আওয়াজ আসছে। এখান থেকে এ ঘটনা বেশি দূরে নয়।’উজবেক মানবাধিকারকর্মী দিলমুরাদ ইশানভ টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘ওশ নগরের সবকিছুই জ্বলছে। উজবেকদের বাড়িঘর, রেস্তোরাঁ ও ক্যাফে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। পুরো নগর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।’ তিনি বলেন, ‘আমাদের কিরগিজ কর্তৃপক্ষের সহায়তার দরকার নেই। আমাদের দরকার রাশিয়ার সহায়তা। আমাদের রক্ষায় সেনাবাহিনী দরকার। আমাদের এখনই সাহায্য দরকার।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হাজার হাজার জাতিগত উজবেক বাড়িঘর ছেড়ে প্রতিবেশী দেশ উজবেকিস্তানের সীমান্তবর্তী এলাকায় পালিয়ে যাচ্ছে। এর আগে ১৯ মে জালালাবাদ শহরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই ব্যক্তি নিহত ও ৭৪ জন আহত হয়। গত এপ্রিল মাসেও সংঘর্ষের ঘটনা ঘটে। চলমান সহিংসতা বন্ধে কিরগিজস্তানের সরকারকে সহায়তা করার জন্য বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে হিউমান রাইটস ওয়াচ। এএফপি, বিবিসি ও রয়টার্স।