কিরগিজস্তানে সহিংসতায় ২৩ জন নিহত, কারফিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে গত বৃহস্পতিবার রাতে জাতিগত সহিংসতায় ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক লোক। গতকাল শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানান। এ ঘটনায় কিরগিজস্তানের অন্তর্বর্তী সরকার দেশের দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা ও কারফিউ জারি করেছে। ওই মুখপাত্র বলেন, কিরগিজস্তানের ওশ এলাকায় দেখা দেওয়া জাতিগত বিরোধ বেড়ে যাওয়ার পরিণতিতে এ সহিংস ঘটনা ঘটে। এতে ২৩ জন নিহত হয়। সংঘর্ষে আহত কমপক্ষে ১২৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নেয়। কিরগিজ ও উজবেকদের মধ্যে এ সহিংসতা দেখা দেয়। রোজা ওতুনবায়েভার নেতৃত্বাধীন দেশের অন্তর্বর্তী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দক্ষিণাঞ্চলে কারফিউ জারি করেছে। গত এপ্রিলে দাঙ্গার জের ধরে প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ ক্ষমতাচ্যুত হওয়ার পর ওতুনবায়েভা দেশের হাল ধরেছেন। জাতীয় বেতারে দেওয়া বিবৃতিতে সরকারের মুখপাত্র আজিমবেক বেকনাজারভ বলেন, জাতিগত বিরোধ থেকে যে এই সহিংসতা দেখা দেয় তা পরিষ্কার। তারা বেশ কোমর কষেই এ সংঘর্ষে নামে। কারফিউ জারির পরও সেখানে সংঘর্ষ চলছে। সহিংস ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ওশ নগরের পরিস্থিতি উদ্বেগজনক।এর আগে সরকারের অপর মুখপাত্র ফরিদ নিয়াজভ বলেন, জাতিগত সহিংসতা দেখা দেওয়ার পর বৃহস্পতিবার রাতভর সংঘর্ষ চলে। এএফপি।