কিরগিজস্তানের হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে উজবেকিস্তান সীমান্তে আশ্রয় নিয়েছে। কিরগিজ ও উজবেকদের মধ্যে অব্যাহত সহিংসতায় গতকাল সোমবার পর্যন্ত কমপক্ষে এক শ ২৪ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে প্রায় দেড় হাজার মানুষ। গতকালও ওশ এবং জালালাবাদ শহরে গোলাগুলি ও লুটপাটের খবর পাওয়া গেছে।অন্তর্বর্তী সরকারের উপপ্রধান তেমির সারিয়েভ বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাসংখ্যাও পর্যাপ্ত নয় বলে তিনি দাবি করেন।জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে রাশিয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক নিরাপত্তা ফোরাম কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) কিরগিজস্তানে সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। অব্যাহত সহিংসতার প্রেক্ষাপটে হাজার হাজার জাতিগত উজবেক তাজিকিস্তান ও উজবেকিস্তান সীমান্তে আশ্রয় নিয়েছে। তবে উজবেক সীমান্তে শরণার্থীর সংখ্যা অনেক বেশি। এখানে শরণার্থীদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন উজবেকিস্তানের কর্মকর্তারা। শরণার্থীদের অধিকাংশই নারী ও শিশু। কিরগিজস্তানের ওশ শহরের বাড়িঘর ছেড়ে চলে এসেছেন শরণার্থী ৫১ বছরের রানি। তিনি জানান, উজবেক সম্প্রদায়ের লোকজনকে খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে। আমি কোনো রকমে পালিয়ে আসতে পেরেছি। কিন্তু ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ভাগ্যে কী ঘটেছে, তা জানিনা। উজবেকিস্তানের আন্দিজান সীমান্ত এলাকার জরুরি বিভাগের উপপ্রধান ইজাত ইব্রগিমভ জানান, প্রাথমিক হিসাব মতে, আন্দিজান সীমান্তে ৬০ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে। তবে এই মুহূর্তে প্রকৃত সংখ্যা বলা সম্ভব হচ্ছে না। উজবেকিস্তানের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সরকারি কর্মকর্তারা বলছেন, শরণার্থীর প্রকৃত সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে। সরকারি কর্মকর্তা ইকরোমিদ্দিন ভালিয়েভ জানান, শরণার্থীদের সহায়তায় দেশে বিভিন্ন অঞ্চল থেকে সহায়তা নেওয়া হচ্ছে। এরই মধ্যে দুই শ ট্রাকে করে তাঁবুসহ নানা সামগ্রী সীমান্তে পৌঁছে গেছে। গত পাঁচদিন ধরে ওশ ও জালালাবাদ শহরে সহিংসতা চলছে। গতকাল ওশ শহরের উজবেকদের দোকানপাটে পেট্রল বোমা দিয়ে ধ্বংস করা হয়েছে। সঙ্গে চলছে লুটপাট। বহু ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শহর কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। দুই শহরেই ব্যাপক গোলাগুলি হয়েছে। ওশ শহরের বাসিন্দা রুসলান অভিযোগ করেন, কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। সহিংসতায় নিহতদের লাশ রাস্তায় পড়ে আছে। গোলযোগের কারণে আমরা তাও নিয়ে আসতে পারছি না। স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, সহিংসতায় এ পর্যন্ত এক শ ২৪ জন নিহত ও এক হাজার চার শ ৮৫ জন আহত হয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রসের কিরগিজস্তান মিশনের উপপ্রধান সেভারাইন চাপপাজ বলেন, কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মধ্য এশিয়াবিষয়ক গবেষক অ্যানড্রেয়া বার্গ বলেন, স্থানীয় লোকজন মনেপ্রাণে সহিংসতার অবসান চায়। কিন্তু আন্তর্জাতিক সহায়তা ছাড়া এটা সম্ভব নয়। সহিংসতার ঘটনায় গত রোববার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে হবে। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কিরগিজস্তানে সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে রাশিয়ার নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোর আঞ্চলিক নিরাপত্তা ফোরাম সিএসটিও। এর আগে কিরগিজস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধান রোজা ওতুনবায়েভা সেনা সহায়তা চাইলে তা নাকচ করে দেয় রাশিয়া।কিরগিজ ও উজবেকদের মধ্যে কী কারণে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে তা এখনো অস্পষ্ট। দেশটির দক্ষিণাঞ্চলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের ব্যাপক জনসমর্থন রয়েছে। তাঁকে ক্ষমতাচ্যুত করার কারণে তাঁর সমর্থকদের মধ্যে সৃষ্ট ক্ষোভ থেকে এই সহিংসতা ছড়িয়ে পড়তে পারে ধারণা করা হচ্ছে। ওতুনবায়েভার সরকার এই সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাকিয়েভকে দায়ী করে আসছে। বেলারুশে নির্বাসিত বাকিয়েভ এই অভিযোগ অস্বীকার করে একে মিথ্যাচার বলে অভিহিত করেন। এএফপি, বিবিসি।