প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ কিরিবাতিতে শিশুমৃত্যুর হার এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন জাতিসংঘের দূত ক্যাটারিনা ডি এলবুকুয়েরক। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান। অস্বাস্থ্যকর জীবনযাত্রা ও অপ্রতুল পয়োনিষ্কাশন ব্যবস্থার কারণে এখানে শিশুমৃত্যুর হার এত বেশি বলে বিবৃতিতে জানানো হয়।পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা পর্যবেক্ষণ-সম্পর্কিত জাতিসংঘের প্রতিনিধি ক্যাটারিনা জানান, কিরিবাতির এক লাখ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। তিনি আরও বলেন, এ দ্বীপদেশটির শিশুমৃত্যুর হার দেখে তিনি মর্মাহত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে এখানে শিশুমৃত্যুর হার সর্বোচ্চ। দ্বীপদেশটিতে তিন দিনের এক সফর শেষে দেওয়া এক বিবৃতিতে তিনি গতকাল এ কথা বলেন। বিবৃতিতে ক্যাটারিনা বলেন, দেশটির কর্তৃপক্ষ যদি সত্যিকার অর্থে এখানকার শিশুমৃত্যুর হার কমাতে চায় তবে পয়োনিষ্কাশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা এ দুটি জরুরি বিষয়ে তাদের নজর দেওয়া দরকার। তিনি আরও জানান, যথাযথ পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এখানকার অধিকাংশ মানুষই সমুদ্রের জলে বা বনজঙ্গলে মলমূত্র ত্যাগ করে। এতে করে শিশুদের মধ্যে অসুখ-বিসুখ ছড়িয়ে পড়ে এবং তাদের মৃত্যুহার বাড়ায়। এএফপি।