কিশোর অপরাধীর বিরুদ্ধে রায় আবার পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লির বহুল আলোচিত চলন্ত বাসে গণধর্ষণ মামলায় একজন কিশোর অপরাধীর বিরুদ্ধে রায় আবার পিছিয়েছে। আইনজীবীরা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।নয়াদিল্লির একজন মেডিকেল ছাত্রী নগরে একটি চলন্ত বাসে গত ডিসেম্বরে গণধর্ষণ ও মারাত্মক জখমের শিকার হন। চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান। ওই অপরাধে জড়িত একজনের বয়স ১৭ বছর বলে ভারতীয় আইন অনুযায়ী তাকে বিশেষ আদালতে বিচারের আওতায় আনা হয়। মামলাটির রায় ঘোষণার তারিখ ১১ জুলাই থেকে পিছিয়ে গতকাল বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছিল। নতুন এক আইনি চ্যালেঞ্জের কারণে বিচারক গীতাঞ্জলি গোয়েল এখন সেটি আবার পিছিয়ে আগামী ৫ আগস্ট নির্ধারণ করেছেন। আসামিপক্ষের আইনজীবী রাজেশ তিওয়ারি বলেন, সুপ্রিম কোর্টে একটি মামলা হওয়ায় এই মামলার রায় পিছিয়ে দেওয়া হয়েছে।রাজনৈতিক দল জনতা পার্টির প্রধান সুব্রামানিয়াম স্বামী ওই তরুণ আসামিকে গুরুতর অপরাধের অভিযোগে পূর্ণবয়স্কদের আদালতে বিচার করার আবেদন জানিয়েছেন।দোষী সাব্যস্ত হলে প্রাপ্তবয়স্ক আসামিদের মৃত্যুদণ্ড হতে পারে। অন্যদিকে, কিশোর আসামি দোষী সাব্যস্ত হলেও তার কেবল তিন বছরের সাজা হতে পারে। তবে এ ধরনের রায়ে জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।