নয়াদিল্লিতে গত ডিসেম্বরে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরের বিচার শেষ করতে কিশোর আদালতকে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একটি আবেদনের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার ওই রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। নয়াদিল্লিতে গত বছরের ১৬ ডিসেম্বর চলন্ত বাসে ধর্ষণের শিকার হন মেডিকেলের এক ছাত্রী। চিকিৎসাধীন অবস্থায় ২৯ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত মোট ছয়জনের বিচার চলছে। এর মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার বিচার হচ্ছে কিশোর আদালতে। কিন্তু সুপ্রিম কোর্টে করা একটি জনস্বার্থ আবেদনে বিরোধী দলের নেতা সুব্রামনিয়াম স্বামী বলেছিলেন, অভিযুক্ত ওই কিশোরের বয়স ১৬ বছরের বেশি। কাজেই সাধারণ আদালতেই তার বিচার হওয়া উচিত। ওই আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি পি সত্যশিবম বলেন, কিশোর আদালত ওই মামলা চালিয়ে যেতে পারেন এবং রায় ঘোষণা করতে পারেন। ধারণা করা হচ্ছে, মামলার পরবর্তী ধার্য তারিখ ৩১ আগস্ট কিশোর আদালত রায় ঘোষণা করতে পারেন। এএফপি।