ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মাওবাদী) পলিটব্যুরোর সদস্য কোটেশ্বর রাও ওরফে কিষেনজি নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার সারা দেশে সতর্কতা জারি করেছে। এ ব্যাপারে মাওবাদী-অধ্যুষিত নয়টি রাজ্যে বিশেষভাবে জোর দিতে বলা হয়েছে।ক্ষুব্ধ মাওবাদীরা নাশকতা চালাতে পারে বলে আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে। রেলসহ সব যানবাহন চলাচলেও নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গে আজ শনিবার থেকে ৪৮ ঘণ্টার বন্ধ্ ডেকেছে মাওবাদীরা। মাওবাদীদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আকাশ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।কিষেনজির পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, কিষেনজিকে গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গ্রেপ্তার করার পর তাঁকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়। এ অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করা হবে বলে ঘোষণা দিয়েছেন তাঁরা। কিষেনজির ৮৫ বছর বয়সী মা এ মামলা করবেন।এদিকে ওই হত্যার প্রতিবাদে কলকাতায় মানবাধিকার সংগঠন এপিডিআরসহ ২১টি সংগঠনের কর্মীরা গতকাল বিকেলে কলকাতার বউবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা অবিলম্বে কিষেনজির হত্যার বিচার বিভাগীয় তদন্ত এবং নিরাপত্তা বাহিনীর দোষী সদস্যদের শাস্তি দাবি করেন। মিছিলটি পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় মহাকরণের দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীরা পরে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করেন। ওই ২১টি সংগঠনের পক্ষ থেকে সাতজন নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরে একটি স্মারকলিপি দেন।পলাতক মাওবাদীদের খোঁজে: গতকাল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বুড়িশোল জঙ্গলে পালিয়ে যাওয়া তিন মাওবাদীর খোঁজে তল্লাশি চালান কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সদস্যরা।নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকযুদ্ধের সময় ওই তিন মাওবাদী বিদ্রোহী পালিয়ে যায়। প্রায় ৫০ জন পুলিশ সদস্যের একটি দল তাদের খোঁজে ওই জঙ্গলে তল্লাশি চালায়।