কিসমায়ো শহর থেকে সরে গেছে আল-শাবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকান ইউনিয়ন (এইউ) বাহিনীর তীব্র অভিযানের মুখে সোমালিয়ার ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-শাবাব দেশটির দক্ষিণাঞ্চলীয় কিসমায়ো শহর থেকে সরে গেছে। আল-শাবাবের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।এইউ বাহিনীর কেনিয়া ও সোমালিয়ার সেনারা গত বৃহস্পতিবার দিবাগত রাতে সোমালিয়ায় জঙ্গি সংগঠনটির শেষ শক্ত ঘাঁটি কিসমায়ো শহরে অভিযান শুরু করেন।আল-শাবাবের মুখপাত্র আলী মোহাম্মদ রাগ জানান, শাবাব মুজাহিদীনের সামরিক কমান্ড শুক্রবার দিবাগত মধ্যরাতে কৌশলগত কারণে মুজাহিদদের পশ্চাদপসারণের নির্দেশ দেয়। পরে আল-শাবাব শহরটি থেকে সরে গেছে বলে নিশ্চিত করেন ওই মুখপাত্র। তবে তিনি এও বলেন, শত্রুরা এখনো শহরে ঢোকেনি।এ ছাড়া আল-শাবাবের কমান্ডার শেখ মোহাম্মদ আবু-ফাতমাও জঙ্গিদের শহর ছেড়ে যাওয়ার খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা আমাদের ঊর্ধ্বতনদের কাছ থেকে শহরটি ছাড়ার নির্দেশ পেয়েছি। এটা সীমান্তে শত্রু মোকাবিলার সামরিক কৌশল।’ সোমালি বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদিকারিম ধাগাবাদান বলেন, ‘আল-শাবাব কিসমায়ো থেকে সরে গেছে। তবে আমাদের বাহিনী চারপাশ ঘিরে থাকলেও এখনো শহরে প্রবেশ করেনি।’কিসমায়োতে আল-শাবাব নিয়ন্ত্রিত বেতার ‘রেডিও আন্দালুস’-এর প্রচার বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দা আউয়েয়াস বলেন, পুলিশ স্টেশনসহ আল-শাবাবের প্রধান প্রধান দপ্তরও বন্ধ। কেনিয়ার সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, জঙ্গিদের এভাবে পশ্চাদপসারণ একধরনের ফাঁদ হতে পারে।গত শুক্রবার ভোররাত থেকে কেনিয়ার সেনারা সোমালি সেনাদের সহযোগিতায় শহরটিতে আকাশ ও স্থলপথে হামলা চালানো শুরু করে। ওই দিনই কেনিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, শিগগিরই শহরটির পতন হতে পারে। তবে ওই দিন জঙ্গিরা টানা প্রতিরোধ চালিয়ে যায়। বিবিসি।