কিসমায়োতে সোমালি ও এইউ বাহিনীর প্রবেশ
জাতিসংঘ-সমর্থিত প্রথম সোমালিয়া সরকারের সেনাদল ও আফ্রিকান ইউনিয়ন (এইউ) বাহিনী গতকাল সোমবার শেষ পর্যন্ত দেশটির কৌশলগত বন্দর শহর কিসমায়োতে প্রবেশ করেছে। এত দিন শহরটি আল-কায়েদা-সমর্থিত জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের নিয়ন্ত্রণে ছিল। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এইউ বাহিনীর সঙ্গে সোমালি ও কেনিয়ার বাহিনী শহরটি দখলে অভিযান শুরু করে।সোমালিয়ায় আল-শাবাবের শেষ শক্ত ঘাঁটি কিসমায়োতে অভিযান শুরুর পর গত শনিবার ওই জঙ্গি গোষ্ঠী শহর থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। তারপর এইউ বাহিনী শহরটি ঘিরে থাকলেও গতকাল সোমবার তারা সেখানে প্রবেশ করে। তবে বাহিনীটির আকার ও সাজসজ্জা নিয়ে মিশ্র মতামত রয়েছে। শহরের একজন বাসিন্দা জানান, পশ্চিম দিক থেকে মাত্র ১১ জন সোমালি সেনার একটি পদাতিক ইউনিট শহরে প্রবেশ করে এবং এক দল হেঁটে প্রধান সড়কে টহল দেয়। এদিকে আরেকজন বলেন, তিনি বিমানবন্দর দিয়ে সোমালি ও কেনিয়ার সেনাদের নগরের কেন্দ্রের দিকে ঢুকতে দেখেছেন। সোমালি সরকারের মুখপাত্র মোহাম্মদ ফারাহ রয়টার্সকে বলেছেন, তাঁরা ৪৫০ জন সেনার দলকে শহরটি পাহারা এবং পুলিশ সদর দপ্তর প্রতিষ্ঠার উদ্দেশ্যে পাঠিয়েছেন। বিবিসি।