কিয়োটো প্রটোকলের মেয়াদ ২০২০ পর্যন্ত বাড়ানো হলো
নতুন করে বড় ধরনের অচলাবস্থা নিরসনে কাতারের দোহায় অনুষ্ঠিত সম্মেলনে প্রতিনিধিরা কিয়োটো প্রটোকলের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়াতে একমত হয়েছেন।গতকাল শনিবার প্রায় ২০০ দেশের প্রতিনিধি প্রটোকলের মেয়াদ বাড়াতে সম্মত হন। বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে এ প্রটোকলই হচ্ছে একমাত্র বৈধ উপায়। গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য সবচেয়ে বেশি দায়ী যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালের এ প্রটোকলকে কখনোই অনুমোদন দেয়নি। চলতি বছরই এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগে গতকাল পঞ্চদশ জলবায়ু সম্মেলনে চলমান অচলাবস্থা নিরসনে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়েছিলেন সম্মেলনের চেয়ারম্যান স্বাগতিক কাতারের আবদুল্লাহ বিন হামাদ আল-আতিয়াহ্। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোতে আর্থিক সাহায্য দিতে যুক্তরাষ্ট্রসহ ধনী দেশগুলো সম্মত হচ্ছিল না। সম্মেলন গতকাল শেষ হওয়ার কথা থাকলেও সব পক্ষের সমঝোতা না হওয়ায় গতকালও সম্মেলন চলে। আবদুল্লাহ বিন হামাদ আল-আতিয়াহ বলেন, ‘সমঝোতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। এ সমঝোতার মধ্য দিয়ে পৃথিবীতে আমাদের অস্তিত্ব সুরক্ষিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মও সুফল পাবে। আর কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের এ সম্মেলন শেষ করতে হবে।’বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধে কিয়োটো প্রটোকলের সময়সীমা বৃদ্ধি এবং ২০২০ সালে নতুন একটি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সম্মেলনে আলোচনা হয়েছিল। কিন্তু দরিদ্র দেশগুলোকে ক্ষতিপূরণ ও পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের জন্য আর্থিক সহায়তা দিতে ধনী দেশগুলোর অনীহার কারণে সম্মেলনে অচলাবস্থা দেখা দিয়েছিল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে হুমকির সম্মুখীন দরিদ্র দেশগুলোর দাবি, জলবায়ু পরিবর্তনের জন্য পশ্চিমা দেশগুলোর শিল্পায়ন বহুলাংশে দায়ী। তাই ওই ধনী দেশগুলোকে এখন ক্ষতিপূরণ দিতে হবে। এএফপি ও বিবিসি।