কী উন্নয়ন হয়েছে দেখান: গুজরাটবাসীকে কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল গুজরাট সফরে গেছেন। সেখানকার অধিবাসীদের কাছে রাজ্যের উন্নয়ন দেখতে চেয়েছেন তিনি।
এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে তাঁর রাজ্যের উন্নয়নের কথা ঢালাওভাবে প্রচার করছেন। কথিত সেই উন্নয়ন পরিদর্শন করতে আজ বুধবার আহমেদাবাদ গেছেন কেজরিওয়াল। মোদির রাজ্যে আগামী তিন দিন কেজরিওয়াল তাঁর এই স্বঘোষিত পরিদর্শন কার্যক্রম চলাবেন।
আহমেদাবাদে নেমেই মোদির উদ্দেশে কেজরিওয়াল বলেছেন, ‘তাঁরা বলেন, শিক্ষার উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য সমস্যার সমাধান হয়েছে। দুর্নীতি দূর হয়েছে। তাই আমরা এখানে এসেছি গুজরাটের উন্নয়ন দেখতে।’
আজ সকালে আহমেদাবাদের একটি গ্রামে একটি গাছের নিচে বসেছিলেন কেজরিওয়াল। তাঁর চারদিকে ঘিরে থাকেন দুই শতাধিক দর্শনার্থী। তাঁদের কাছে দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রীর সহজ প্রশ্ন, ‘আপনার যদি নরেন্দ্র মোদির শাসনে অসন্তুষ্টই থাকেন, তবে তাঁকে কেন ভোট দেন?’
গুজরাটে মোদি তাঁর ১৩ বছরের শাসনামলের উন্নয়ন কার্যক্রমের যে প্রচার চালিয়ে আসছেন, তার সঙ্গে গ্রামবাসীর বর্ণনার মিল পাননি কেজরিওয়াল।
ওই গ্রামের নারীরা কেজরিওয়ালের কাছে বলেছেন, সরকারি স্কুলগুলো মানহীন। হাসপাতালগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। গ্রামের পুরুষেরা বলেছেন, তাঁরা সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে বাধ্য হন।
গ্রামবাসীর সব কথা মনোযোগ দিয়ে শোনেন কেজরিওয়াল।
গত মাসে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা থেকে রাজনীতিতে নামা সাবেক সরকারি কর্মকর্তা কেজরিওয়াল। এরপর তিনি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য কৌশল ও প্রচার জোরদার করেছেন।
এএপির পক্ষ থেকে বলা হয়েছে, গুজরাটের বাইরে থেকে মোদি যদি লোকসভা নির্বাচনে লড়াই করেন, তবে তাঁর বিরুদ্ধে প্রার্থী হবেন কেজরিওয়াল।
ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ১৬তম নির্বাচনের তফসিল আজ ঘোষণা করা হয়েছে। নয় দফার নির্বাচন শুরু হবে ৭ এপ্রিল। শেষ হবে ১২ মে। ভোট গণনা হবে ১৬ মে। এর চার দিন পর ১৬ মে সারা দেশে একযোগে লোকসভা আসনের ফল ঘোষিত হবে।
জনমত জরিপে বলা হচ্ছে, নির্বাচনের ফলাফলে বিজেপি বৃহত্তর দল হিসেবে আবির্ভূত হতে পারে। তবে সামান্য ব্যবধানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে।