কী হারাতে চাও, হাত-পা না জীবন?

ভারতের দারিদ্র্যপীড়িত ওডিশা রাজ্যের অশিক্ষিত যুবক দিয়ালু নিয়াল। ইটভাটায় কাজের প্রলোভনে প্রতারক চক্রের ফাঁদে পড়েন। কাজ তো জোটেইনি, বরং নিজের ডান হাত খুইয়ে এখন প্রায় নিঃস্ব জীবন যাপন করতে হচ্ছে তাঁকে।গত শুক্রবার বিবিসি ম্যাগাজিনের একটি প্রতিবেদনে নৃশংস সেই ঘটনার কথা জানানো হয়েছে। ইটভাটায় কাজ দেওয়ার কথা বলে একটি প্রতারক চক্র নিয়ালসহ ১২ জনকে নিয়ে অন্ধ্রপ্রদেশের পথে যাত্রা করে। প্রতারণার কথা বুঝতে পেরে নিয়াল ও তাঁর এক বন্ধু পালানোর চেষ্টা করলে প্রতারক চক্রের লোকজন তাঁদের ধরে ফেলে। বনে নিয়ে গিয়ে ঘাড়ে কুড়াল ঠেকিয়ে প্রশ্ন করে, ‘কী হারাতে চাও, হাত-পা না জীবন?
জীবন বা পা হারানোর চেয়ে হাত হারানোই শ্রেয় মনে করেন অসহায় দুজন। সিদ্ধান্তের কথা জানানোর পর কুড়ালের কোপে প্রথমে বন্ধুর ডান হাত কেটে ফেলে দুর্বৃত্তরা। এরপর নিয়ালের হাতটিও কেটে ফেলে তারা।
নিয়াল জানান, ‘তাঁর (বন্ধুর) হাত একটি পাথর খণ্ডের ওপর রাখল তারা। একজন তাঁর ঘাড়, অন্য দুজন বাহু চেপে ধরল। আরেকজন কুড়ালের কোপে হাতটি এমনভাবে কেটে ফেলল, যেন মুরগির ধড় থেকে মাথা ছিন্ন করছে। এরপর তারা আমার হাত কাটল।’ তিনি বলেন, ‘ব্যথাটা ছিল অসহনীয়। মনে হচ্ছিল, আমি মারা যাচ্ছি।’
ঘটনার শুরু গত বছরের ডিসেম্বরে। ওডিশায় শহরতলির যে গ্রামে নিয়ালেরা থাকেন, এর পাশের গ্রামেই তাঁর বন্ধু নীলাম্বরের বাস। নীলাম্বর একদিন তাঁকে ইটভাটার একটি কাজের সন্ধান দেন। প্রতিবেশী বিমল, যিনি এ ধরনের কাজের দালালি করে থাকেন, তাঁর কাছ থেকে নীলাম্বর এ কাজের বিষয়ে শোনেন। নীলাম্বর নিয়ালকে বলেন, এ কাজে মাসে ১০ হাজার রুপির মতো আয় করা সম্ভব।
এরপর নিয়াল, নীলাম্বর, বিমল এবং আরও ১০ জন লোক ওই কাজের প্রধান ঠিকাদারের সঙ্গে সাক্ষাত্ করেন। পরের দিন ঠিকাদার তাঁদের ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। তাঁদের বলা হয়েছিল, ইটভাটাটা খুব একটা দূরে নয়। পরে দেখা গেল, তাঁরা যে ট্রেনটিতে উঠেছেন, সেটি ৫০০ মাইল দূরে হায়দ্রাবাদের উদ্দেশে যাত্রা করেছে। কোথাও একটা গোলমাল আছে—বুঝতে পেরে নিয়ালদের দলের কয়েকজন বিদ্রোহের জন্য প্রস্তুত হন।
ট্রেনটি একটি স্টেশনে থামলে, নিয়াল ও নীলাম্বর ছাড়া অন্য সবাই পালিয়ে যান। এ ঘটনার পর ঠিকাদার ব্যক্তিটি তাঁদের হায়দ্রাবাদে নেওয়ার পরিবর্তে উল্টোপথে যাত্রা করে রায়পুর নিয়ে যায়। এরপর ঠিকাদারের বাড়িতে এ দুজনকে জিম্মি করে রাখা হয়।
নিয়াল বলেন, ‘তারা আমাদের পরিবারের সদস্যদের ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে। তারা আমাদের প্রচণ্ড মারধর করে, যেন আমার ভাই ফোনে আমার কান্নার আওয়াজ শুনতে পান।’ নিয়ালের পরিবারের কাছে ২০ হাজার রুপি মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু এ টাকা দেওয়ার সামর্থ্য ছিল না তাঁর পরিবারের।
সেখানে তাঁদের পাঁচ দিন আটকে রাখা হয়। দিনে ঠিকাদারের খামারে তাঁদের জোর করে কাজ করানো হতো, সন্ধ্যায় মারধর করা হতো। ষষ্ঠ দিন তাঁদের বনে নিয়ে গিয়ে ডান হাত কেটে ফেলা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। নিয়াল ও তাঁর বন্ধু পাশের একটি গ্রামে গিয়ে তাঁদের ক্ষতস্থান বেঁধে প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুড়িয়ে নেন এবং শহরে গিয়ে হাসপাতালে চিকিত্সা নেন। এরপর নিজ গ্রামে ফিরে আসেন।
মানবাধিকার কর্মীদের মতে, ভারতজুড়ে এক কোটি মানুষ দেনার দায়ে জোরপূর্বক কাজে বাধ্য হন। তাঁদের মতে, নাগরিকদের সুরক্ষায় জোরপূর্বক কাজ, অপহরণের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্যর্থ হচ্ছে ভারত সরকার।