কীটনাশক গ্যামাক্সিন ক্যানসার তৈরি করতে পারে: ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একটি পর্যালোচনার পর বলেছে, কীটনাশক গ্যামাক্সিন মানব শরীরে ক্যানসার সৃষ্টি করে। খবর বিবিসির।
ডব্লিউএইচওর বিশেষজ্ঞরা নন-হজকিন লিমফোমা (শরীরের রোগ প্রতিরোধ অঙ্গের ক্যানসার) নামের এক প্রকারের ক্যানসার সৃষ্টিতে গ্যামাক্সিনের সম্পর্কের পর্যাপ্ত প্রমাণ পেয়েছেন। গ্যামাক্সিন ইউরোপীয় ইউনিউনভুক্ত দেশগুলোতে এবং যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। তবে বেশ কয়েকটি উন্নয়নশীল দেশে এখনো ব্যবহার হয় গ্যামাক্সিন। চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডায় মাথার উকুন এবং চর্মরোগে ওষুধে উপাদান হিসেবে গ্যামাক্সিন ব্যবহৃত হয়।
এদিকে, দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার আরেকটি কীটনাশক ডিডিটিকে মানব শরীরে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারক হিসেবে চিহ্নিত করেছে। গত শতকের সত্তরের দশকে বিশ্বের বেশির ভাগ দেশে ডিডিটির ব্যবহার বেশির ভাগ ক্ষেত্রে বন্ধ হয়ে যায়।