কুকুর ও বিড়ালের জন্য আশ্রম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় হাজারেরও বেশি বেওয়ারিশ কুকুর ও দুই শতাধিক বিড়ালের সহায় হয়েছেন চীনা এক নারী। পথে পথে ঘুরে বেড়ানো এসব কুকুর ও বিড়ালকে নিজের হেফাজতে নিয়েছেন তিনি। গড়ে তুলেছেন আশ্রম। এ জন্য তিনি নিজের চাকরি ছেড়েছেন এবং বাড়ি, গাড়ি ও সোনার গয়না বিক্রি করে দিয়েছেন। এই নারীর নাম হা ওয়েনজিন।যেসব কুকুরের দেখভাল করার কেউ নেই, সেসব বেওয়ারিশ কুকুরের জন্য হা ওয়েনজিন নানজিং প্রদেশের ট্যাংকুয়ান কাউন্টিতে একটি আশ্রম স্থাপন করেছেন। তাঁর আশ্রমের কুকুরদের রক্ষণাবেক্ষণে তিনি নিজে তো খাটছেনই, তাঁর সঙ্গে আরও ১০ জন কর্মী সেখানে দিনরাত কাজ করছেন। শুধু কুকুর কেন, বিড়ালদের প্রতিও এই নারীর মমত্ববোধের কমতি নেই। তাই এর অদূরেই গড়ে তুলেছেন বিড়ালের জন্য আরেকটি আশ্রয়কেন্দ্র। সেখানে দুই শতাধিক বিড়াল আছে। দুজন কর্মী এসব বিড়াল দেখভাল করেন।হা ওয়েনজিন বলেন, প্রথমে স্রেফ শখের বশে অবসর সময়ে কুকুর পুষতেন তিনি। মাঝেমধ্যে পরিত্যক্ত কুকুর ও বিড়াল সংগ্রহ করতেন। তা-ও খেয়াল বশে। কিন্তু ধীরে তাঁর সংগ্রহ বেড়ে যায়। সেই সঙ্গে দায়িত্বও বাড়ে। এখন আর অবসর মুহূর্তের সেবায় চলে না। তাই চাকরি ছেড়ে দিয়ে সার্বক্ষণিক পশুসেবায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি।হা ওয়েনজিন জানান, তাঁর এ প্রকল্প এখন চলছে অনুদানের বদৌলতে। চাকরি ছেড়ে দেওয়ায় টানাটানির মধ্যে থাকতে হয়। মাঝেমধ্যে স্থানীয় লোকজন কুকুর ও বিড়ালদের জন্য খাবার নিয়ে আসে।ওয়েনজিন জানান, কুকুর ও বিড়াল সামলানো যতটা না কঠিন, এর চেয়েও বড় হয়ে উঠেছে তাদের জন্য নতুন আবাসস্থলের খোঁজ করা। কারণ এখন যেখানে ওদের আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়েছে, স্থানীয় সরকার বলেছে, সে জায়গা ছেড়ে দিতে। ওই জায়গার সংস্কার করা হবে। তিনি চাইছেন, এমন একটি জায়গায় কুকুর-বিড়ালের জন্য আশ্রম গড়ে তুলতে, যেখানে মানুষের বসতি নেই। অরেঞ্জ অনলাইন।