কুকুর থেকে ডাকবাহকেরা সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুকুর থেকে সাবধান! অনেক বাড়ির ফটকে এ কথা লেখা থাকে। এ কথাটির মর্ম কী, তা হাড়ে হাড়ে জানেন লস অ্যাঞ্জেলেস নগরের ডাকবাহকেরা। সেখানে ডাকবাহকেরা হরহামেশাই কুকুরের খপ্পরে পড়ে নাস্তানাবুদ হয়ে থাকেন। আর এ ঘটনা এত বেশি যে ওই নগর ডাকবাহকের ওপর কুকুরের হামলার দিক দিয়ে নিকৃষ্ট বলে কুখ্যাতি কুড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় নগর লস অ্যাঞ্জেলেসে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডাকবাহকদের ওপর এ ধরনের ৬৯টি আক্রমণের ঘটনা ঘটে। অন্যদিকে ওয়াশিংটনের সিয়াটল শহর ও টেক্সাসের সান অ্যান্টোনিউ শহর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। এ দুটি শহরে এ ধরনের ঘটনা ঘটে ৪২টি। ৪১টি আক্রমণের ঘটনার দায়ভার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শিকাগো।

যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ জানায়, ২০১২ সালে যুক্তরাষ্ট্রে ডাকবাহকদের ওপর কুকুরের আক্রমণের ঘটনা ঘটেছে পাঁচ হাজার ৮৭৯টি।

ডাক বিভাগের মুখপাত্র ইভা জ্যাকসন জানান, ২০১১ সালে লস অ্যাঞ্জেলেসে এ ধরনের ৮৩টি ঘটনা ঘটেছিল। সেবারও শহরটি ডাকবাহকদের জন্য নিকৃষ্টতম নগরের খেতাব পেয়েছিল। এ ছাড়া নগরটি বহু বছর ধরে ২০টি নিকৃষ্ট শহরের একটি।

ইভা জ্যাকসন  মনে করেন, এই আক্রমণের পেছনে লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগোর সারা বছরের সুন্দর আবহাওয়া একটি কারণ হতে পারে। কেননা ওই সময় লোকজন তাঁদের কুকুর নিয়ে বাড়ির  বাইরে বেশি বের হন।

জ্যাকসন বলেন, ‘সব কুকুরই কামড়াতে পারে। নিজের রাজত্ব ও প্রভুকে রক্ষা করা এটি কুকুরের স্বভাবজাত প্রবৃত্তি। তাই আপনি যখন শিকল ছাড়াই আপনার কুকুর নিয়ে বাইরে আসেন এবং যদি আচমকা কোনো পত্রবাহক এসে হাজির হন, তখন কুকুর স্বাভাবিকভাবেই তাঁকে আক্রমণ করে বসে। কুকুরটি মনে করে ওই ব্যক্তি তার রাজত্বের মধ্যে ঢুকে গেছে।’

জ্যাকসনের মতে, যখন কোনো ডাকবাহক চিঠি বিলি করতে যান বা স্কুলগামী শিশু বা অপরিচিত কোনো মানুষ কোনো বাড়িতে যায়, তখন বাড়ির মালিকদের উচিত কুকুরগুলো বন্ধ দরজার পেছনে বা আঙিনার বেড়ার পেছনে রাখা।