কুকুর-বিড়ালের পেছনে ৫৬০০ কোটি ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মানুষ গত বছর তাঁদের পোষা প্রাণীর পেছনেই খরচ করেছেন প্রায় পাঁচ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। এ অর্থের বেশির ভাগই ব্যয় হয়েছে পোষা কুকুর ও বিড়ালের জন্য। চলতি বছর এই খরচের পরিমাণ বেড়ে পাঁচ হাজার ৯০০ কোটি ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
এ তথ্য দিয়েছে আমেরিকান পেট প্রোডাক্টস অ্যাসোসিয়েশন। তারা ১৯৯৬ সাল থেকে এই খাতে খরচের ওপর হিসাব রাখছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিনিরা পোষা প্রাণীর খাবার, প্রশিক্ষণ, চিকিৎসা, সাবান, শ্যাম্পুসহ নানা সরঞ্জাম কেনার পেছনে বিপুল এই অর্থ ব্যয় করে।
এর মধ্যে গত বছর শুধু কুকুর-বিড়ালকে ‘শিষ্টাচার’ শেখানোর প্রশিক্ষণ বাবদ খরচ হয় ৬১০ কোটি ডলার। পোষা কুকুর ও বিড়ালকে শত্রুর আক্রমণ মোকাবিলা কিংবা তাকে কীভাবে ভয় দেখানো যায়, নির্দিষ্ট স্থানে প্রস্রাব ও মলত্যাগ করা যায় এবং মালিকের ডাকে সাড়া দেওয়া যায়, এসব প্রশিক্ষণ দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি ৮৯ লাখ পোষা কুকুর ও বিড়াল রয়েছে। এ ছাড়া পোষা পাখি, ঘোড়া, মিঠাপানির মাছ, লোনাপানির মাছ, সরীসৃপ ও ছোট প্রাণী রয়েছে ২১ কোটি ৭২ লাখ। ওয়াশিংটন পোস্ট।