পোষা কুকুরের কারণে যুক্তরাজ্যে প্রতিবছর নষ্ট হয় ঘরের জিনিসপত্র। এই ক্ষয়ক্ষতির পরিমাণ নেহাত কম নয়। যুক্তরাজ্যের হোম ইনস্যুরেন্স প্রতিষ্ঠান আভিভার দেওয়া তথ্য অনুসারে, কুকুর গৃহস্থালির জিনিসপত্র নষ্ট করেছে, এ জন্য প্রতিবছর গড়ে ৮০০টি বিমা দাবি তাদের কাছে আসে। প্রতিটিতে গড়ে ১ হাজার ৪৪০ মার্কিন ডলার বিমা দাবি করা হয়।
যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়, বিমা প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি কুকুরের কাণ্ড সামনে এনেছে। আভিভার দেওয়া তথ্য অনুসারে, ল্যাব্রাডর জাতের একটি কুকুটের নাম হুইস্কি। এটি যে বাড়িতে থাকে, সেই বাড়ির ক্লোজড সার্কিট (সিসি) টেলিভিশন ক্যামেরায় দেখা গেছে, কুকুরটি রান্নাঘরের ট্যাপ চালু করে দিয়েছিল। এতে ঘরের মেঝে ভেসে যায়। হুইস্কি যখন এই কাণ্ড ঘটায়, তখন বাড়িতে কেউ ছিল না। এতে ঠান্ডা পানির ট্যাপটি বন্ধ করা সম্ভব হয়নি। ওই পোষা কুকুরের মালিক দাবি করেছেন, এতে তাঁর ক্ষতি হয়েছে ৫ হাজার মার্কিন ডলারের।
আরেক বাড়ির একটি পোষা কুকুর-কাণ্ড একটু ভিন্ন। ওই বাড়িতে একজন দেয়াল রঙের কাজ করছিলেন। এই সময় কুকুরটি সিঁড়ির ওপর থেকে দুই লিটার রং ফেলে দেয়। আরেক ব্যক্তি বিমা দাবিতে উল্লেখ করেছেন, তাঁর কুকুর গরম ইস্তিরি ফেলে দিয়ে ঘরের কার্পেট নষ্ট করেছে।
কুকুরের কারণে পানিতে পড়ে ল্যাপটপ নষ্ট হয়েছে, এমন কাণ্ডের জন্য বিমা দাবি উঠেছে। এমনকি কুকুর টেলিভিশন নষ্ট করেছে—এ জন্য বিমা দাবি করেছেন একজন গ্রাহক।
যুক্তরাজ্যে ঘরের জিনিসপত্রের জন্য বিমা চালু রয়েছে। এতে কুকুর যখন কিছু নষ্ট করছে, তখন ওই কুকুরের মালিক ক্ষতিপূরণ দাবি নিয়ে হাজির হচ্ছেন বিমা প্রতিষ্ঠানের দপ্তরে। আর এতেই ঘটছে বিপত্তিটা। কারণ, বিমায় উল্লেখ রয়েছে, পোষা কোনো প্রাণীর কারণে ঘরের জিনিসপত্র নষ্ট হলে তার ক্ষতিপূরণ দেবে না প্রতিষ্ঠান। কিন্তু এরপরও বিমা দাবি আসছে। এই বিমা দাবি মেটাতে পারছে না প্রতিষ্ঠানগুলো।
বার্তা সংস্থা ইউপিআইয়ের খবরে বলা হয়েছে, এ প্রসঙ্গে আভিভার পরিচালক কেলি হুইটিংটন বলেন, ‘আমরা গ্রাহকদের বলছি, বিমার আওতায় কী কী রয়েছে, সেই শর্তগুলো জেনে নিন।’