কুকুরের ভেড়ার পাল সামলানোর রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেড়ার পাল সামলাতে চতুরতার সঙ্গে একটি সহজ নিয়ম অনুসরণ করে কুকুর। ভেড়ার পালকে জোটবদ্ধ রাখার মধ্যেই কুকুরের দক্ষতার রহস্য নিহিত। ছবি: এএফপি
ভেড়ার পাল সামলাতে চতুরতার সঙ্গে একটি সহজ নিয়ম অনুসরণ করে কুকুর। ভেড়ার পালকে জোটবদ্ধ রাখার মধ্যেই কুকুরের দক্ষতার রহস্য নিহিত। ছবি: এএফপি

একটা পালে অনেক ভেড়া থাকে। চারণভূমিতে বিচরণের সময় শতাধিক মেষ সামলানো একজন পালকের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হয়। দেখা যায়, এই কুকুর সুনিপুণভাবে মেষের পাল নিয়ন্ত্রণ করে। কিন্তু কীভাবে?
এ রহস্য নিয়ে অনেক দিন ধরেই বিজ্ঞানী ও গবেষকদের কৌতূহল রয়েছে। কুকুরের এই দক্ষতার রহস্য উন্মোচন করার দাবি করেছেন একদল গবেষক।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যের রয়েল সোসাইটি সাময়িকীতে গতকাল মঙ্গলবার প্রকাশিত গবেষণামূলক নিবন্ধে এই রহস্যের উত্তর মিলেছে।
এতে বলা হয়েছে, জিএসপি ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে পাওয়া উপাত্ত বিশ্লেষণ করে গবেষকেরা দেখতে পান, ভেড়ার পাল সামলাতে দেখভালকারী কুকুর চতুরতার সঙ্গে একটি সহজ নিয়ম অনুসরণ করে। ভেড়ার পালকে জোটবদ্ধ রাখার মধ্যেই কুকুরের দক্ষতার রহস্য নিহিত।
কুকুরের প্রথম কাজই হলো ভেড়ার দলকে গা-ঘেঁষাঘেঁষি করে রাখা। এই লক্ষ্য হাসিলের পর দলটিকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করে কুকুর।
কুকুরের এই কৌশল সম্পর্কে সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রু কিং বলেন, কুকুর যদি ভেড়ার মধ্যে ব্যবধান দেখে বা ব্যবধান বড় হতে দেখে, তাহলে তাদের একত্র করে।
সুইডেনের আপসালা বিশ্ববিদ্যালয়ের ড্যানিয়েল স্ট্রোয়েমবুম বলেন, এই মডেলের প্রতিটি পদক্ষেপে কুকুর খেয়াল রাখে, দলটির মধ্যে পারস্পরিক জোটবদ্ধতা আছে কি না। তা না থাকলে, ভেড়ার পালকে একত্র করে কুকুর। ভেড়াগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব বা ফাঁক দেখা দিলেই কুকুর তা দূর করতে তত্পরতা শুরু করে।