কুখ্যাত নাৎসি ‘ডেথ ক্যাম্প’ প্রহরী দেমজানজুকের মৃত্যু
জার্মানির কুখ্যাত নাৎসি বাহিনীর একটি বন্দিশিবিরের সাবেক প্রহরী জন দেমজানজুক মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনায় দেমজানজুককে গত বছর দোষী সাব্যস্ত করা হয়। জার্মানির পুলিশ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।পুলিশ জানায়, দক্ষিণ জার্মানির বাড ফেলিনবাখ শহরের একটি বৃদ্ধ পরিচর্যাকেন্দ্রে গত শনিবার মারা যান দেমজানজুক।১৯২০ সালে ইউক্রেনে জন্ম নেওয়া দেমজানজুক বেড়ে ওঠেন সোভিয়েত শাসনের মধ্যে। ১৯৪২ সালে তিনি সোভিয়েত রেড আর্মিতে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি নাৎসি বাহিনীর হাতে ধরা পড়েন। ১৯৪৩ সালে তিনি পোল্যান্ডে নাৎসি বাহিনীর সোবিবর বন্দিশিবিরের প্রহরী হিসেবে ছয় মাস দায়িত্ব পালন করেন। ওই শিবিরকে বলা হতো ‘ডেথ ক্যাম্প’।ওই বন্দিশিবিরে ২৭ হাজারের বেশি ইহুদিকে হত্যার ঘটনায় প্রায় ১৮ মাস বিচার চলার পর গত বছরের মে মাসে দেমজানজুককে দোষী সাব্যস্ত করেন মিউনিখের একটি আদালত। অসুস্থ দেমজানজুককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে মুক্তি দেওয়া হয়। বিচারকেরা তাঁকে মুক্তি দেওয়ার পেছনে যুক্তি দেখান, দেমজানজুক আর কোনোভাবেই হুমকি নয়। আর যুক্তরাষ্ট্র তাঁর নাগরিকত্ব বাতিল করায় তিনি রাষ্ট্রহীন। তাই তাঁর পালিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এএফপি, বিবিসি।