কুখ্যাত সেব্রেনিৎসা গণহত্যা মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের একটি আদালত আজ বৃহস্পতিবার কুখ্যাত সেব্রেনিৎসা গণহত্যা মামলার রায় দিতে যাচ্ছেন। ১৯৯৫ সালে বসনিয়ার সেব্রেনিৎসায় আট হাজার নিরপরাধ মুসলমান পুরুষ ও বালককে হত্যা করে সার্ব সেনাবাহিনী। এ মামলায় সার্ব বাহিনীর সাত সেনা ও এক পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালতের অধীনে বিচার্য এ মামলার কৌঁসুলি গত সেপ্টেম্বরে অভিযুক্ত ব্যক্তিদের যাবজ্জীবন কারাদণ্ড চেয়ে বিচারকদের কাছে আবেদন জানিয়েছিলেন।১৯৯৩ সালে জাতিসংঘ সেব্রেনিৎসাকে ‘নিরাপদ এলাকা’ ঘোষণা করে সেখানে চার শতাধিক নিরাপত্তাকর্মী নিয়োগ করে। কিন্তু আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতকো ম্লাদিচ নামের এক সার্ব জেনারেলের নেতৃত্বে এক বিশাল বাহিনী ১১ জুলাই সেব্রেনিৎসায় অভিযান চালায়। তারা সেখানকার প্রত্যেক কর্মক্ষম মুসলমান পুরুষ ও বালককে ট্রাকে করে তুলে নিয়ে পরে ব্রাশফায়ার করে হত্যা করে। কিছু লাশের গণকবর দেওয়া হয়। বাকিগুলো যত্রতত্র ফেলে রাখা হয়। সব মিলিয়ে প্রায় আট হাজার নিরপরাধ মুসলমান এ গণহত্যার শিকার হয়।বসনিয়া যুদ্ধের অবসান হলে ২০০৬ সালের জুলাই মাসে সেব্রেনিৎসা গণহত্যা মামলার শুনানি শুরু হয়। এ মামলায় ৩১৫ জন সাক্ষ্য দেন আর পাঁচ হাজার ৩০০-এর বেশি প্রমাণ দাখিল করা হয়।জেনারেল ম্লাদিচ এখনো পলাতক রয়েছেন। বাকি আসামিরা হলেন সার্বিয়ার সাবেক জেনারেল ভুজাদিন পোপোভিচ, ড্রাগো নিকোলিচ, লজুবিসা বেয়ারা, ভিনকো পান্ডুরেভিচ, রাদিভোজে মিলেটিচ, মিলান ভেরো এবং পুলিশ কর্মকর্তা লজুবমির বোরোভকানিন। এর আগে এই মামলায় বসনিয়ার সেনাধ্যক্ষ রাদিস্লাভ ক্রস্টিচকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।এদিকে গত মঙ্গলবার সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের স্ত্রী আলজোসা মিলেনকোভিচকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অস্ত্র রাখার দায়ে তাঁকে গ্রেপ্তার করা হলেও বিশ্লেষকেরা বলছেন, ম্লাদিচ যাতে পুলিশের হাতে ধরা দেন, সে বিষয়ে তাঁর ওপর চাপ সৃষ্টি করতেই তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া ও আল-জাজিরা অনলাইন।