চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনমিং শহরের একটি রেলস্টেশনে গণহারে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এখনো আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। শহরের বিভিন্ন সড়কে গতকাল সোমবার পুলিশ ও নিরাপত্তারক্ষীদের টহল জোরদার করা হয়েছে।
কুনমিংয়ের ব্যস্ত রেলস্টেশনে গত শনিবার ওই সন্ত্রাসী হামলায় ২৯ জন প্রাণ হারায় ও অন্তত ১৩০ জন আহত হয়। এ ঘটনায় জিনজিয়াংয়ের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করায় অনেকে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে। নিহতদের স্মরণে ঘটনাস্থলের কাছাকাছি ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে আগের রাতে শ্রদ্ধা জানানো হয়।
আহতদের জন্য কুনমিং থেকে প্রায় তিন কিলোমিটার পূর্বের শহরতলির একটি চত্বরে অস্থায়ী রক্তদানকেন্দ্র স্থাপন করা হয়। আহতদের জন্য বিভিন্ন রক্তদানকেন্দ্রে গত রোববার পর্যন্ত দুই হাজার ব্যক্তি মোট ৫৬০ লিটার রক্ত দিয়েছেন।
শান্তিপূর্ণ শহর হিসেবে পরিচিত কুনমিংয়ে শনিবার ভয়াবহ সহিংসতার ঘটনায় সন্দেহভাজন উইঘুর জনগোষ্ঠীর প্রতিও অনেকে ক্ষোভ প্রকাশ করেছে। জিনজিয়াংয়ের বিচ্ছিন্নতাবাদী উইঘুররা সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ভুক্ত। তাদের বর্জনের চিন্তাভাবনা করছে কুনমিংয়ের বাসিন্দারা।
জিনজিয়াংয়ে স্থানীয় উইঘুর ও নিরাপত্তাবাহিনীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। তার পরও সেখানে বেসামরিক মানুষের ওপর হামলার ঘটনা বিরল। আর সেখান থেকে প্রায় এক হাজার ৬০০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের পর্যটন শহর কুনমিংয়ে বেসামরিক লোকজনের ওপর সহিংস হামলার ঘটনা প্রায় নেই বললেই চলে।
সংবাদমাধ্যমে গত শনিবারের সন্ত্রাসী হামলাকে ‘চীনের ৯/১১’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। ওই ঘটনার পর সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এএফপি।