
শৈশবের স্মৃতিবিজড়িত কুনু গ্রামে স্বজনদের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের মুক্তিদাতার নশ্বর দেহ চিরদিনের মতো ছবি হয়ে গেল।
কুনু-সংলগ্ন পাহাড়ের গায়ে বিশেষভাবে তৈরি একটি তাঁবুতে রাখা হয়েছিল ম্যান্ডেলার শবাধারটি। সেখান থেকে সেনাসদস্যদের কাঁধে চড়ে পারিবারিক কবরস্থান অভিমুখে শুরু হয় তাঁর অন্তিমযাত্রা। সহযাত্রী হন পরিবার-পরিজন ও বন্ধুরা।
খোসা গোত্রের ঐতিহ্যবাহী প্রথা অনুসরণের পাশাপাশি সামরিক মর্যাদায় সমাহিত করা হয় বর্ণবাদবিরোধী আন্দোলনের বিশ্বনন্দিত নেতা নেলসন ম্যান্ডেলাকে। খোসা ভাষায় গাওয়া হয় প্রার্থনাসংগীত। এর আগে ২১ বার বেজে ওঠে তোপধ্বনি। ছক বেঁধে উড়ে যায় বিমানবাহিনীর উড়োজাহাজ। জাতীয় সংগীতের পরিবেশনাসহ পরিপূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয় যাবতীয় আচার-অনুষ্ঠান।
জাতীয় পতাকায় মোড়ানো শবাধারটি রাখা হয়েছিল গরুর চামড়ার ওপর। পাশে জ্বলছিল ৯৫টি মোমবাতি—প্রতিটি ম্যান্ডেলার বর্ণময় জীবনের একেকটি বছরের প্রতীক।
প্রিয় ‘মাদিবাকে’ অশ্রুভেজা চোখে শেষবারের মতো বিদায় জানাতে ইস্টার্ন কেপ প্রদেশের কুনুতে উপস্থিত ছিল প্রায় সাড়ে চার হাজার মানুষ। তাঁদের মধ্যে যুক্তরাজ্যের প্রিন্স চার্লসসহ কয়েকজন বর্তমান ও সাবেক সরকারি ব্যক্তিত্ব, প্রভাবশালী মার্কিন টেলিভিশন উপস্থাপক অপরাহ উইনফ্রে, নাগরিক অধিকারকর্মী জেসি জ্যাকসন প্রমুখ দেশি-বিদেশি গণ্যমান্য ব্যক্তির পাশাপাশি সাধারণ গ্রামবাসীও ছিলেন। ছিলেন স্ত্রী গ্রাসা ম্যাশেল ও সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলাসহ নিকট আত্মীয়রা।
পরিবার-পরিজনের বাইরে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যোগ দেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী সংগ্রামের প্রবীণ নেতা জর্জ বিজোস, আর্চবিশপ ডেসমন্ড টুটু ও ম্যান্ডেলার ঘনিষ্ঠজন আহমেদ কাথরাদা। সদ্যপ্রয়াত পুরোনো বন্ধু সম্পর্কে বলতে গিয়ে তাঁদের গলা ভারী হয়ে আসে। কাথরাদা বলেন, ‘৬৭ বছর আগে আমার প্রথম দেখা হয়েছিল ম্যান্ডেলার সঙ্গে। বিদায়, আমার প্রিয় ভাই, আমার শিক্ষক, আমার নেতা।’
ম্যান্ডেলার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) উপপ্রধান সিরিল রামাফোসা শেষকৃত্যে বক্তব্য দেন। ২৭ বছর কারাবাসের পর মুক্ত ম্যান্ডেলা ১৯৯১ সালে এএনসির প্রধান নির্বাচিত হন। রামাফোসা বলেন, ‘এখানে যিনি শায়িত, তিনি দক্ষিণ আফ্রিকার শ্রেষ্ঠতম সন্তান।’
দীর্ঘ রোগভোগের পর জোহানেসবার্গের বাড়িতে ৫ ডিসেম্বর রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৯৫ বছর বয়সী ম্যান্ডেলা। তারপর ১০ দিনব্যাপী পালিত হয় রাষ্ট্রীয় শোক। প্রিটোরিয়ায় তাঁকে শেষ বিদায় জানিয়েছে এএনসি। রংধনু জাতির দেশটির প্রতিষ্ঠাতা ম্যান্ডেলার স্মরণসভা হয় জোহানেসবার্গের এনএফবি স্টেডিয়ামে গত মঙ্গলবার। এতে প্রায় ১০০ দেশের নেতাদের পাশাপাশি সারা বিশ্বের বহু বিশিষ্টজন ও সাধারণ অনুরাগীরা উপস্থিত ছিলেন। এটি ছিল বিশ্বের স্মরণকালের সবচেয়ে বড় স্মরণ অনুষ্ঠানগুলোর একটি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বনেতারা সেখানে বক্তব্য দেন। তাঁদের কণ্ঠে মহান এই নেতার অকৃপণ প্রশংসা ঝরেছে ক্ষণে ক্ষণে। তাঁরা সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ম্যান্ডেলার আদর্শ ধারণের অঙ্গীকার করেন। প্রায় এক লাখ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে সেদিন যেন তিলধারণের ঠাঁই ছিল না।
স্মরণসভার পর বুধবার থেকে ম্যান্ডেলার মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয় দক্ষিণ আফ্রিকার প্রশাসনের প্রাণকেন্দ্র প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিং ভবনে। অনেক বিশ্বনেতার পাশাপাশি তিন দিন সেখানে তাঁকে শ্রদ্ধা জানায় দেশ-বিদেশের লাখো মানুষ। এএফপি, বিবিসি ও রয়টার্স।