কুন্দুজ প্রদেশে জাতিসংঘ কার্যালয়ে হামলা, সহিংসতায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে আফগানিস্তানে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল শনিবার বিক্ষোভের পঞ্চম দিনে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে জাতিসংঘ কার্যালয়ে এ হামলা হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও অর্ধশত মানুষ আহত হয়েছে।এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় লোগার প্রদেশে নিহত হয়েছে তিনজন। গত মঙ্গলবার থেকে চলা বিক্ষোভে এ নিয়ে দেশটিতে ২০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। গতকাল রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব সমাবেশেও পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল কুন্দুজ শহরের সর্বত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েক হাজার বিক্ষোভকারী শহরে অবস্থিত জাতিসংঘ কার্যালয় ঘেরাও করে। বিক্ষোভকারীরা কার্যালয় লক্ষ্য করে পাথর ছুড়ে মারে এবং কোরআন অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের দাবিতে স্লোগান দেয়।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জাতিসংঘ কার্যালয়ের নিরাপত্তাকর্মীরা প্রথমে ফাঁকা গুলি করেন। পরে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়া হয়।পুলিশের মুখপাত্র সারোয়ার হুসাইনি বলেন, ‘নিরাপত্তা কর্মকর্তারা শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের জাতিসংঘ কার্যালয়ে প্রবেশের চেষ্টা থেকে বিরত রাখতে পেরেছেন।’ তিনি জানান, কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সেখানে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।জাতিসংঘের একজন মুখপাত্র ওই কার্যালয়ে হামলার কথা স্বীকার করেছেন। তবে হামলার সময় কার্যালয়ের ভেতরে ঠিক কতজন কর্মকর্তা কাজ করছিলেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন।কুন্দুজ শহরের একটি হাসপাতালের চিকিৎসক মানজাল জানান, চিকিৎসাবিষয়ক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রে আহত ২৯ জনকে ভর্তি করা হয়েছে। কুন্দুজের জনস্বাস্থ্য বিভাগের প্রধান সাহাদ মোখতার বলেন, ‘বিভিন্ন হাসপাতাল থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে দেখা গেছে, সংঘর্ষে তিনজন নিহত ও ৪৭ জন আহত হয়েছে।’দেশটির অন্তত পাঁচটি প্রদেশে গতকাল বিক্ষোভের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে মিহতারলাম ও মধ্য আফগানিস্তানে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মিহতারলামে পুলিশের গুলিতে আহত হয়েছে ১৫ জন বিক্ষোভকারী। মিহতারলামের এক বিক্ষোভকারী আবদুল্লাহ জানান, প্রায় দুই হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। একপর্যায়ে সহিংস হয়ে ওঠে বিক্ষোভকারীরা এবং শহরে গভর্নরের বাসভবনে পাথর নিক্ষেপ করে। এ সময় নিরাপত্তাকর্মীরা বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়েন। এএফপি, রয়টার্স ও বিবিসি।