কুমারী নারীর রক্ত চেয়ে বিপত্তি

চিকিত্সা গবেষণার জন্য সুস্থ কুমারী নারীর রক্ত চেয়ে তোপের মুখে পড়েছে চীনের একটি হাসপাতাল কর্তৃপক্ষ।
পিকিং ইউনিভার্সিটি ক্যানসার হাসপাতাল কর্তৃপক্ষ হিউম্যান পাপিলোমা ভাইরাসের (এইচপিভি) ওপর গবেষণা করার জন্য ১৮ থেকে ২৪ বছর বয়সী ১০০ জন কুমারী নারীর কাছে রক্ত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। সাধারণত যৌন মিলনের মাধ্যমে এইচপিভি মানুষের মধ্যে স্থানান্তরিত হয়।
আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘ডেইলি চায়না’ এর খবরে জানানো হয়েছে, এই আহ্বানের পরিপ্রেক্ষিতে হাসপাতালটির বিরুদ্ধে নারীদের অবমাননার অভিযোগ এনেছে একদল ইন্টারনেন্ট ব্যবহারকারী। সমালোচকেরা বলছেন, এ ধরনের আহ্বান দেশটিতে কুমারী পূজাকে উত্সাহিত করবে।
একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘গবেষণার জন্য পুরুষ কুমার নয়, কেবল নারী কুমারীদের রক্ত দরকার—এটা কেমন বিজ্ঞান?’
সমালোচনার জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, কুমারী নারীর রক্ত এইচপিভি দ্বারা কম সংক্রমিত হয়। এ ধরনের গবেষণায় কুমারী নারীর রক্তের নমুনা সংগ্রহ করার পদ্ধতিটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।