কুমিরের বাচ্চা উপহার
উত্তর অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি কর্তৃপক্ষ ব্রিটিশ রাজপরিবারের নতুন অতিথি প্রিন্স জর্জকে ভিন্নধর্মী উপহার দিয়েছে। উপহারটি হচ্ছে জলজ্যান্ত একটি কুমিরের বাচ্চা। জর্জের সঙ্গে মিলিয়ে একই দিনে এই কুমিরের বাচ্চাটিকে জন্ম দেওয়ানো হয়। অস্ট্রেলিয়ার জনবিরল প্রদেশটির মুখ্যমন্ত্রী অ্যাডাম গাইলস উপহার হিসেবে শিশু সরীসৃপটিকে সবার সামনে তুলে ধরেন। উইলিয়ামের ছেলের সঙ্গে মিলিয়ে এর নামও রাখা হয়েছে জর্জ। সংবাদমাধ্যমকে গাইলস জানান, যেদিন কেটের সন্তানসম্ভবা হওয়ার ঘোষণা দেওয়া হয়, সেদিনই কুমিরের বাচ্চাটির ডিমে তা দেওয়া শুরু হয়। এ ধরনের উপহার অস্ট্রেলিয়ার ঐতিহ্যেরই অংশ। প্রিন্স উইলিয়াম ও কেটের বাগদানকে স্মরণীয় করে রাখতে এ অঞ্চলের রাজধানী ডারউইনের পক্ষ থেকে এক জোড়া কুমির উপহার দেওয়া হয়েছিল। গাইলস বলেন, কুমিরের বাচ্চাটির যখন ১৮ বছর পূর্ণ হবে, তখন জর্জ হয়তো এটি দেখতে আগ্রহী হবেন। হয়তো তার দেশেও নিয়ে যেতে চাইবেন। এএফপি।