কুম্ভ মেলায় অংশ নিচ্ছেন ১০ কোটি পুণ্যার্থী!
আগামী সপ্তাহে উত্তর ভারতে গঙ্গা নদীতে পুণ্যস্নানের মধ্য দিয়ে উদ্যাপিত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম উৎসব কুম্ভ মেলা। আর এলাহাবাদে এই উৎসবে যোগ দিতে পূজারি থেকে শুরু করে ধর্মগুরু পর্যন্ত প্রায় ১০ কোটি পুণ্যার্থী ভিড় জমাবেন গঙ্গার তীরে।কাল সোমবার শুরু হতে যাওয়া এই মেলা চলবে ৫৫ দিন। সাধারণ মানুষের পাশাপাশি গায়ে ছাইমাখা সাধু ও বেশ কজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব এতে অংশ নেবেন। প্রতি তিন বছর অন্তর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। উৎসবের দিনগুলোতে গঙ্গাস্নানকে সবচেয়ে মঙ্গলজনক মনে করা হয়। পুণ্যার্থীদের বিশ্বাস, গঙ্গার জলে ডুব দিয়ে উঠলে পাপ ধুয়ে যায়। পাপ স্খলনের আশায় পুণ্যার্থীরা এর মধ্যে এলাহাবাদ শহরে আসতে শুরু করেছেন। আরও কোটি কোটি লোক আসার পথে রয়েছেন। পুণ্যার্থীরা শহরের নানা স্থানে তাঁবু বা অস্থায়ী নিবাসে থাকছেন। ২০০৩ সালে পশ্চিম ভারতের নাসিক শহরে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল। তখন ভিড়ের চাপে ৪৫ স্নানার্থীর মৃত্যু ঘটে।আয়োজকেরা জানান, প্রতিদিন গড়ে ২০ লাখ মানুষ শহরে জড়ো হচ্ছেন। স্নানার্থীদের জন্য ৩৫ হাজার টয়লেট ও ১৪টি চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে। সড়কে লাগানো হয়েছে ২২ হাজার বাতি। ১৫০ কিলোমিটার অস্থায়ী সড়ক ও ১৮টি সেতু নির্মাণ করা হয়েছে। এ ছাড়া নতুন পয়োনিষ্কাশনব্যবস্থাও করা হয়েছে। গঙ্গা-যমুনার সঙ্গমস্থল এলাহাবাদে সর্বশেষ ২০০১ সালে এই গঙ্গাস্নানের আয়োজন করা হয়। তখন প্রায় ১১ কোটি স্নানার্থী কোনো রকম দুর্ঘটনা ছাড়াই কুম্ভ মেলা উপলক্ষে গঙ্গাস্নান সম্পন্ন করেন। এলাহাবাদের অন্যতম শীর্ষ প্রশাসক দেবেশ চতুর্বেদী বলেন, স্নানার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানে ১২ হাজার পুলিশ মোতায়েন করা হবে। তিনি বলেন, ‘মেলার নিরাপত্তার জন্য আমরা এবারই প্রথম প্রযুক্তি ব্যবহার করছি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। গঙ্গার পবিত্র জলে স্নান করার জন্য মূল স্নান করার এলাকায় তিনটি বিলাস ঘাট নির্মাণ করা হয়েছে। স্নানার্থীদের আসা-যাওয়ার জন্য সাত হাজার বাস ও ৭৫০টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। স্নানের জন্য গুরুত্বপূর্ণ দিনগুলো হলো: ১৪ জানুয়ারি, ২৭ জানুয়ারি, ১০, ১৫ ও ২৫ ফেব্রুয়ারি এবং ১০ মার্চ। তবে ১৫ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিনই হবে সবচেয়ে পুণ্যময় স্নানের দিন। এদিন ২০ কোটি পুণ্যার্থী একই দিনে স্নান করবেন বলে মনে করা হচ্ছে। এএফপি।