কুম্ভমেলার পবিত্রতম দিন আজ, কোটি পুণ্যার্থীর মহাস্নান
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদ শহরে গত মাসে শুরু হয় কুম্ভমেলা। সেই মেলার পবিত্রতম দিন আজ রোববার। পাপমোচনের আশায় এদিন কয়েক কোটি হিন্দু পুণ্যার্থী গঙ্গায় মহাস্নানে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। গঙ্গাস্নানকে নির্বিঘ্ন করতে সরকারের তরফে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।৫৫ দিনব্যাপী কুম্ভমেলার আজকের এই উৎসবে প্রায় তিন কোটি হিন্দু সন্ন্যাসী, পুণ্যার্থী ও পর্যটক অংশ নিতে পারেন। এবারের কুম্ভমেলায় প্রথমবারের মতো অংশ নিতে লন্ডন থেকে এসেছেন ৬৫ বছর বয়সী মালতি দেবী। তিনি উচ্ছ্বসিতভাবে তাঁর অভিব্যক্তি প্রকাশ করলেন। মালতি দেবী জানালেন, ‘এই নদীতে (গঙ্গায়) মাত্র একবারের ডুবই স্থায়ীভাবে পুরো জীবন পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে।’প্রতি ১২ বছর পর এলাহাবাদে এই মেলা অনুষ্ঠিত হয়। তবে প্রতি তিন বছরে ক্ষুদ্র পরিসরে ভারতের অপর কয়েকটি স্থানে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। হিন্দু পৌরাণিক কাহিনির সূত্র ধরে এই মেলার উৎপত্তি হয়েছে। সেই পৌরাণিক কাহিনিতে বলা হয়েছে, ভারতের চারটি স্থান—এলাহাবাদ, নাসিক, উজ্জেইন ও হরিদ্বারে দেবতারা কয়েক ফোঁটা অমৃত ছড়িয়েছেন। এই স্থানগুলোতেই কুম্ভমেলার আয়োজন করা হয়।মেলায় আসা পুণ্যার্থীদের বিশ্বাস, গঙ্গায় এই স্নানের মধ্য দিয়ে তাঁরা পাপ এবং জন্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হন।পুণ্যার্থীদের অনেকে বিশ্বাস করেন, মানবজাতিকে আশীর্বাদ করতে আজকের এই পবিত্রতম স্নানে ৩০০ কোটি দেব-দেবী অংশগ্রহণ করবেন।এদিকে এলাহাবাদের পুলিশ কর্মকর্তা অজিত তায়েগি বলেন, ‘এই দিনটি তীর্থযাত্রী ও পুলিশ উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবার নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে হবে। স্নান তদারকিতে সাত হাজারের বেশি পুলিশ ও প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকছে।’ এএফপি।