কুম্ভমেলার ৩৬ পুণ্যার্থী পদপিষ্ট হয়ে নিহত
কুম্ভমেলা শেষে ফেরার পথে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদ রেলস্টেশনে হুড়োহুড়ির সময় পদপিষ্ট হয়ে ৩৬ জন পুণ্যার্থী মারা গেছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। এ ঘটনায় রাজ্যের মন্ত্রিসভার সদস্য আজম খান কুম্ভমেলার আয়োজকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।গতকাল সোমবার ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পবন কুমার বনশাল জানান, গত রোববার সন্ধ্যায় এলাহাবাদের গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর সঙ্গমস্থলে মৌনি অমাবস্যার স্নান সেরে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে চার হাজারের বেশি পুণ্যার্থী স্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা ঘোষণা করা হলে ট্রেনে ওঠার জন্য সবাই ছোটাছুটি শুরু করেন। এতে ঘটনাস্থলে হুড়োহুড়িতে মানুষের পায়ের চাপায় ৩৬ জনের মৃত্যু হয়। আহত ৩১ জন পুণ্যার্থীকে এলাহাবাদ শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর। রাজ্যের মন্ত্রিসভার সদস্য আজম খান বলেন, ‘নৈতিক কারণে দুর্ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছি এবং কুম্ভমেলার আয়োজকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে।’ যাত্রীদের অভিযোগ, স্টেশনের ভিড় সামলাতে যাত্রীদের লাঠিপেটা করেছে পুলিশ। এ কারণে দৌড়াদৌড়ির সময় এ ঘটনা ঘটে। তবে রেলের কর্মকর্তারা যাত্রীদের এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, অতিরিক্ত ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পুণ্যার্থীদের হতাহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। রেল মন্ত্রণালয় নিহত যাত্রীদের পরিবারকে পাঁচ লাখ এবং আহত ব্যক্তিদের এক লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। রেলের রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে প্রধান করে রেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে উত্তর প্রদেশ সরকারও একটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অত্যধিক ভিড়ের কারণে দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা পর্যন্ত সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। ফলে ঘটনাস্থল থেকে হতাহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিতে জরুরি কর্মকর্তাদের গলদঘর্ম হতে হয়েছে। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।