কুর্দি বাহিনীকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের জন্য কুর্দি যোদ্ধাদের অস্ত্র সরবরাহ অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন এ কথা জানিয়েছে।
পেন্টাগনের একটি সূত্র জানায়, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) অন্তর্ভুক্ত কুর্দিদের বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করার মধ্যে থাকছে গোলাবারুদ, ছোট অস্ত্র, মেশিনগান, ভারী মেশিনগান, সাঁজোয়া যান, বুলডোজারসহ নির্মাণসামগ্রী। এগুলো কবে থেকে সরবরাহ করা হবে, তা অবশ্য জানানো হয়নি।
এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের এই অনুমোদনের উদ্দেশ্য আইএসকে তাদের শক্ত ঘাঁটি রাকা থেকে উচ্ছেদ করা। তিনি বলেন, এ ধরনের উদ্যোগে তুরস্কের উদ্বেগের বিষয়ে যুক্তরাষ্ট্র ভালোভাবেই সচেতন আছে। তুরস্ক কুর্দি বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে। তাই দেশটি চায় এই বিদ্রোহীরা যেন সিরিয়ার আর কোনো এলাকার নিয়ন্ত্রণ নিতে না পারে। পরে পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস তাঁর তুর্কি প্রতিপক্ষ ফিকরি ইসিকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তবে তাঁদের টেলিফোন কথোপকথনের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তুরস্কের কর্মকর্তারা এখনো জনসমক্ষে কিছু বলেননি।