কুসংস্কারবিরোধী আন্দোলনের নেতাকে গুলি করে হত্যা
ভারতের একজন নেতৃস্থানীয় যুক্তিবাদী ও কুসংস্কারবিরোধী আন্দোলনের নেতা নরেন্দ্র দাভোলকার খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা বন্দুকধারীরা তাঁকে গুলি করে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
নরেন্দ্র দাভোলকার পেশায় চিকিৎসক ছিলেন। কুসংস্কার বন্ধে আইন প্রণয়নের দাবিতে আন্দোলন করে আসছিলেন তিনি। গতকাল মহারাষ্ট্রের পুনা শহরে প্রাতর্ভ্রমণের সময় মোটরসাইকেলে চড়ে আসা দুই বন্দুকধারী তাঁকে লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই নিহত হন নরেন্দ্র।
পুনার পুলিশ কমিশনার গুলাব্রাও পল এএফপিকে জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।
নরেন্দ্র প্রায় দুই দশক আগে ‘মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূল সমিতি’ প্রতিষ্ঠা করেন। এ সমিতির উদ্দেশ্য বিজ্ঞান ও প্রগতিশীল শিক্ষার মাধ্যমে ভারতের নাগরিকদের মন থেকে কুসংস্কার দূর করা।
মুক্তমনা নরেন্দ্রের কর্মকাণ্ড ধর্মের পরিপন্থী বলে তাঁর বিরোধীরা অভিযোগ করে আসছিল। তবে নরেন্দ্র তা অস্বীকার করতেন। এএফপি।