কুৎসিততম কুকুরের লাখ টাকা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেতাব জয়ের পর ছবি তোলার জন্য পোজ দেয় পিনাট। এ সময় তার মুখে হাসির ঢেউ খেলে যায়। ছবি: এএফপি
খেতাব জয়ের পর ছবি তোলার জন্য পোজ দেয় পিনাট। এ সময় তার মুখে হাসির ঢেউ খেলে যায়। ছবি: এএফপি

চলতি বছর বিশ্বের কুৎসিততম কুকুরের খেতাব জিতেছে নিপীড়নের শিকার ‘পিনাট’ নামের একটি কুকুর। সেই সঙ্গে কুকুরটি পুরস্কার হিসেবে পেয়েছে দেড় হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ১৪ হাজার ৫১২ টাকা।

বার্তা সংস্থা এপির বরাতে আজ রোববার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২০ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিশ্বের কুৎসিততম কুকুর প্রতিযোগিতার ২৬তম আসরটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় তিন সদস্যের বিচারক প্যানেল ছিল। কদর্যের বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে উত্তর ক্যালিফোর্নিয়ার হলি ক্যানডেলার নামের এক ব্যক্তির দুই বছর বয়সী ‘পিনাট’ নামের কুকুরটিকে চলতি বছর বিশ্বের কুৎসিততম কুকুর নির্বাচন করেছেন বিচারকেরা।

পিনাটের চোখ স্ফীত। দাঁত বাইরের দিকে প্রসারিত। শরীরের লোম সাদা ও বাদামির সংমিশ্রণ। চরম নিপীড়নের শিকার কুকুরটি দেখতে কুৎসিত হলেও এখন সুস্থ আছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীর বেশে ছবি তোলার জন্য পোজ দেয় পিনাট। এ সময় তার দাঁতগুলো হাস্যোজ্জ্বল ঢঙে বাইরে বেরিয়ে আসে।

মালিক ক্যানডেলার জানিয়েছেন, গুরুতর অবস্থায় কুকুরটিকে উদ্ধার করেছেন তিনি। পিনাটের এই বিজয় প্রাণীর প্রতি নির্যাতন বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ প্রাণীর চিকিৎসায় খরচ করার পরিকল্পনা করছেন তিনি।