কুয়ালালামপুরে ছুটে গেছেন নিহত চীনা যাত্রীদের স্বজনেরা
মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজের চীনা যাত্রীদের স্বজনেরা কুয়ালালামপুরে গেছেন। সেখানে তাঁরা মালয়েশিয়া সরকারের কাছ থেকে উড়োজাহাজ সম্পর্কে ‘সত্য ও বস্তুনিষ্ঠ’ তথ্যের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ করেন।
এদিকে গতকাল দক্ষিণ ভারত মহাসাগর থেকে বেশ কিছু বিক্ষিপ্ত বস্তু উদ্ধার করা হয়। পরে জানানো হয়, সেগুলো নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ নয়। এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট আশা প্রকাশ করে বলেছিলেন, বিক্ষিপ্ত ওই বস্তুগুলো থেকে নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষের আলামত পাওয়া যেতে পারে।
নিখোঁজ উড়োজাহাজটির ২৩৯ জন আরোহীর মধ্যে ১৫৩ জনই চীনের নাগরিক। এই নাগরিকদের কয়েক ডজন স্বজন গতকাল আকাশপথে কুয়ালালামপুরে যান। কুয়ালালামপুরে অবতরণের পর স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন তাঁরা। স্বজনদের প্রতিনিধি হিসেবে জিয়াং হুং নামের এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, এ দুর্ঘটনার পরপর মালয়েশিয়া কর্তৃপক্ষ যেভাবে তা মোকাবিলা করার চেষ্টা করেছে, সে জন্য সরকারের ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ‘প্রত্যক্ষ কোনো প্রমাণ ছাড়াই ও দায়িত্ব-জ্ঞানহীনের মতো’ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে এবং কোনো যাত্রী বেঁচে নেই বলে ঘোষণা দিয়েছেন।
জিয়াং হুং সাংবাদিকদের জানান, মালয়েশিয়া এয়ারলাইনস ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাঁরা সরাসরি দেখা করতে চান।
স্বজনদের সংবাদ সম্মেলনের পেছনে টাঙানো ব্যানারে চীনা ভাষা লেখা হয়েছে, ‘আমরা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য চাই’। ইংরেজিতে লেখা হয়েছে, ‘খুনিদের আমাদের হাতে তুলে দাও’, ‘আমাদের স্বজনদের ফিরিয়ে দাও’।
এই বিক্ষোভের বিষয়ে তাৎক্ষণিকভাবে মালয়েশিয়া কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি। মালয়েশিয়া গতকাল দ্বিতীয় দিনের মতো উড়োজাহাজ উদ্ধার অভিযানে হালনাগাদ তথ্য জানানো বন্ধ রাখে। যদিও গত শনিবার দেশটির ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন বলেন, জীবিত আরোহীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে উড়োজাহাজ উদ্ধার অভিযানের সমন্বয়ক অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তাবিষয়ক কর্তৃপক্ষ (এএমএসএ) গতকাল এক বিবৃতিতে জানায়, সাগর থেকে উদ্ধার করা বেশ কিছু বিক্ষিপ্ত বস্তু থেকে উড়োজাহাজটির ধংসাবশেষের কোনো আলামত পাওয়া যায়নি। এগুলো সাগরের সাধারণ আবর্জনারই অংশ। গতকালও ১০টি উড়োজাহাজ ও আটটি জাহাজ ভারত মহাসাগরের বিস্তৃত অংশে উদ্ধার অভিযান চালিয়েছে। ব্ল্যাকবক্সের সন্ধানে চলছে জোর অনুসন্ধান।
এদিকে মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজটি উদ্ধারে কয়েক বছর লেগে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা মার্ক ম্যাথিউজ। তিনি যুক্তরাষ্ট্রে টাউর পিনগার লোকেটরের (টিপিএল) দায়িত্বে রয়েছেন। গতকাল পার্থে তিনি বলেন, উড়োজাহাজটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে। ফলে এটি খুঁজে পাওয়া অনেক কঠিন হবে।
৮ মার্চ উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। বিবিসি, এএফপি ও এপি।