কুয়েত ও ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতে প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মাদ আল-সাবাহর পদত্যাগ দাবিতে গতকাল পার্লামেন্টের বাইরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। কাফি এবং আল-সুর আল-খামস নামের দুটি যুব সংগঠন এতে নেতৃত্ব দেয়। এর মধ্য দিয়ে আরব অঞ্চলের অসন্তোষের নতুন মাত্রা যোগ হলো। এদিকে ইয়েমেনে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ৩২ বছরের শাসনের অবসানের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ দেশটির উপজাতীয় এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।কুয়েতে পূর্ব অনুমতি ছাড়া বিক্ষোভ কর্মসূচি পালন নিষিদ্ধ। আর এ অনুমতি না নিয়েই ওই দুটি সংগঠনের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।বিক্ষোভ চলাকালে পার্লামেন্টে একজন আইনপ্রণেতার প্রবেশের সময় একজন বিক্ষোভকারী তাঁর হাতে একটি ‘তরমুজ’ ধরিয়ে দিয়ে বলেন, ‘অকার্যকর পার্লামেন্ট গড়ে তোলার জন্য এই উপহার।’ এ ছাড়া কাফি নামের যুব সংগঠনের ছয় সদস্যও বেশ কয়েকজন আইনপ্রণেতাকে একইভাবে ‘তরমুজ’ উপহার দেন। উল্লেখ্য, কুয়েতে স্থানীয়ভাবে কম বুদ্ধিসম্পন্ন এবং অবাস্তব মতাদর্শ পোষণকারী ব্যক্তিকে ‘তরমুজ’ বলে ডাকা হয়।ইয়েমেনে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ৩২ বছরের শাসনের অবসানের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ দেশটির উপজাতীয় এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্টের রাজনৈতিক ঘাঁটি বলে পরিচিত ধামার শহরে গতকাল মঙ্গলবার ওই বিক্ষোভ হয়েছে। প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। ওমানে অর্থ মন্ত্রণালয় বিলুপ্ত: গত সোমবার ওমানের অর্থ মন্ত্রণালয় বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির শাসকেরা। সাময়িকভাবে একটি কমিটি এ মন্ত্রণালয়ের কাজ চালাবেন। এ ছাড়া কয়েকজন মন্ত্রীকেও বরখাস্ত করা হয়েছে।সম্প্রতি আরও চাকরি ও দেশটিতে রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভকারীরা মন্ত্রণালয়টির বিরুদ্ধে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতার অভিযোগ এনেছিলেন। রয়টার্স ও এপি।