কুয়েতি গৃহকর্তার কাজ
শ্রীলঙ্কার একজন গৃহপরিচারিকা তাঁর কুয়েতি গৃহকর্তার বিরুদ্ধে শরীরের বিভিন্ন অংশে ১৪টি পেরেক ঠুকানোর অভিযোগ করেছেন। ছয় মাসের বকেয়া বেতন চাওয়ায় তাঁর ওপর এই অমানবিক নির্যাতন চালানো হয় বলে তিনি জানান। শ্রীলঙ্কার একজন চিকিৎসক গতকাল শনিবার এ কথা জানিয়েছেন।৩৮ বছর বয়সী ওই গৃহপরিচারিকার নাম লাছমি। দেশে ফেরার পর তিনি হাসপাতালে ভর্তি হন। শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলীয় করুঙ্গেলা শহরের একটি হাসপাতালে তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়েছে।হাসপাতালের পরিচালক সোমা রাজামানত্রি জানিয়েছেন, এক্স-রে চিত্র দেখে তাঁরা ওই নারীর দেহ থেকে এ পর্যন্ত নয়টি পেরেক বের করেছেন। পেরেকগুলো তাঁর দুই হাত ও বাঁ পায়ের বিভিন্ন অংশে ঢোকানো ছিল। পেরেকগুলো লম্বায় দেড় ইঞ্চির কাছাকাছি। সোমা জানান, তাঁরা ওই নারীর ওপর চালানো বর্বর নির্যাতনের সত্যতা যাচাই করতে পারেননি। তবে তিনি জানিয়েছেন, লাছমির কুয়েতি নিয়োগকর্তা ও তাঁর স্ত্রী এ কাজ করেছেন। কাজ শুরু করার ছয় মাস পর বেতন চাওয়ায় তাঁর ওপর এ নির্যাতন চালানো হয়। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।এর আগে গত আগস্টে শ্রীলঙ্কার আরেক নারীর গায়ে ২৪টি পেরেক ঠুকে দিয়েছিলেন তাঁর সৌদি গৃহকর্তা।শ্রীলঙ্কার ১৮ লাখ শ্রমিক মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেন। তাঁদের ৭০ শতাংশই নারী। এএফপি।