কুয়েতে ইসলামপন্থীরা জয়ী
কুয়েতের পার্লামেন্ট নির্বাচনে ইসলামপন্থী বিরোধীরা বিশাল জয় পেয়েছেন। পার্লামেন্টের ৫০টি আসনের মধ্যে তাঁরা ৩৪টিতে জয়ী হয়েছেন। অন্যদিকে ভরাডুবি ঘটেছে উদারপন্থীদের। গতকাল শুক্রবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই ধনী দেশটির পার্লামেন্ট নির্বাচনের ভোট নেওয়া হয়।সর্বশেষ পার্লামেন্টে সুন্নি ইসলামপন্থীদের দখলে মাত্র নয়টি আসন থাকলেও এবার তাঁরা জয়ী হয়েছেন ২৩টি আসনে। অন্যদিকে উদারপন্থীদের আসন পাঁচটি থেকে কমে দুটি হয়েছে।কুয়েতের নতুন পার্লামেন্টে কোনো নারী সাংসদ থাকছেন না। গত পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী চারজন নারী সাংসদের সবাই এবার পরাজিত হয়েছেন। অন্য নারী প্রার্থীরা কেউ জয়ী হতে পারেননি।কুয়েতের সংবিধান অনুযায়ী, ভোটের ফলাফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে অবশ্যই পার্লামেন্টের প্রথম অধিবেশন বসতে হবে।ভোটের ফলাফলে ইসলামপন্থী বিরোধীরা জয়ী হলেও নতুন মন্ত্রিসভা গঠনে সে দেশের আমিরকে অনুরোধ বা বাধ্য করার ক্ষমতা পার্লামেন্টের নেই। কেননা, আইন অনুযায়ী প্রধানমন্ত্রী অবশ্যই রাজপরিবারের সদস্য হবেন। তাঁকে নিয়োগ দেবেন আমির। এএফপি, রয়টার্স।