কুয়েতে নির্বাচনে শিয়াদের জয়
কুয়েতের পার্লামেন্ট নির্বাচনে দেশটিতে ক্ষমতাসীন সংখ্যালঘু শিয়ারা জয়ী হয়েছে। গতকাল রোববার ভোটের ফল ঘোষণা করা হয়। সুন্নি নেতৃত্বাধীন সরকারবিরোধীরা এ নির্বাচন বর্জন করেছে। ভোটার উপস্থিতি কম হওয়ায় নতুন এই পার্লামেন্টকে ‘অবৈধ’ বলেও আখ্যা দিয়েছে বিরোধীরা।পার্লামেন্টের ৫০ আসনের মধ্যে শিয়ারা ১৭টি আসন পেয়েছে। নির্বাচনে এটিই শিয়াদের সবচেয়ে বড় সাফল্য। কুয়েতে আল-সাবাহ পরিবার দীর্ঘ দিন ধরে ক্ষমতায় আছে। নির্বাচনের কিছুদিন আগে নির্বাচনী আইন সংশোধন করে ক্ষমতাসীনেরা। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের রায় নিজের পক্ষে নেওয়ার কৌশল হিসেবে সরকার আইন পরিবর্তন করেছে। নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর জরুরি সভা শেষে সাবেক এমপি খালেদ আল সুলতান বলেন, ‘বিরোধী দলের সংগৃহীত তথ্য-উপাত্ত অনুযায়ী নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ২৬ দশমিক ৭ শতাংশ। তবে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, নির্বাচনে ৩৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। তবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার উপস্থিতির হার প্রকাশ করা হয়নি। কুয়েতের মূল জনগোষ্ঠী ১২ লাখের ৩০ শতাংশ শিয়া। এবারের নির্বাচনে তিনজন নারীও নির্বাচিত হয়েছেন। ৫০ আসনের নির্বাচনে ৩০টিতেই নতুন সদস্যও জয়ী হয়েছেন। এএফপি।